বলিউডের ভাইজান সলমন খানকে এবার দেখা যাবে একেবারে নতুন ভূমিকায়। এতদিন বড় পর্দায় নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। এবার সরাসরি অভিনয় শেখানোর উদ্যোগ নিলেন অভিনেতা। অনুরাগীদের জন্য নতুন ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হয়েছেন সলমন। তাঁর এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই বিনোদন মহলে শুরু হয়েছে আলোচনা।
সম্প্রতি ‘বিয়িং দ্য সলমন খান’ (Being The Salman Khan) নামে নিজের নতুন ইউটিউব চ্যানেলের ঘোষণা করেছেন বলিউডের এই সুপারস্টার। প্রায় চার দশকের অভিনয়জীবনে অর্জিত অভিজ্ঞতা এবার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। বিশেষ করে যাঁরা অভিনয় শিখতে চান কিংবা অভিনয়জগতে নিজেদের কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেন, তাঁদের জন্য এই চ্যানেল বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।
শুক্রবার রাতে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নতুন ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করে অনুরাগীদের সঙ্গে এই খবর ভাগ করে নেন অভিনেতা। সেখানে তিনি লেখেন, ‘তাহলে শুরু থেকে শুরু করি। আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। এ টু জেড—সবকিছু এখানেই পাওয়া যাবে।’
চ্যানেলের প্রচারঝলকেও রয়েছে বিশেষ চমক। সেখানে সলমনকে দেখা যাচ্ছে দুটি ভিন্ন ভূমিকায়। একদিকে তিনি অভিজ্ঞ অভিনয় প্রশিক্ষক, অন্যদিকে অভিনয়ের খুঁটিনাটি শিখতে আগ্রহী এক শিক্ষানবিশ। এই অভিনব উপস্থাপনার মাধ্যমে নিজের নতুন উদ্যোগকে দর্শকদের সামনে তুলে ধরেছেন অভিনেতা।
ইউটিউবে আগেও আত্মপ্রকাশ করেছেন ভাইজান
তবে ইউটিউবের দুনিয়ায় সলমনের পদার্পণ এই প্রথম নয়। ২০২০ সালে করোনা অতিমারির সময় ‘সলমন খান ফিল্ম মিউজিক’ নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেছিলেন তিনি। বর্তমানে সেই চ্যানেলে প্রায় ৩০ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে বলে জানা যায়। সেখানে অভিনেতার বিভিন্ন ছবির গান এবং মৌলিক সংগীত প্রকাশিত হয়েছে। সেই সময় সলমনের কণ্ঠে ‘প্যায়ার করোনা’ এবং ‘তেরে বিনা’র মতো গানও শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল। তবে এবার গানের জগৎ থেকে সরে এসে অভিনয় শেখানোর দিকে বিশেষ নজর দিতে চলেছেন তিনি।

অন্যদিকে, সলমনের আসন্ন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ রয়েছে। পাশাপাশি একটি বড় বাজেটের দক্ষিণী ছবির শুটিং নিয়েও ব্যস্ত অভিনেতা। এরই মধ্যে তাঁর নতুন ইউটিউব চ্যানেলের ঘোষণা অনুরাগীদের কাছে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।
এখন দেখার, বড় পর্দার জনপ্রিয়তার পাশাপাশি ডিজিটাল দুনিয়াতেও অভিনয়ের শিক্ষক হিসেবে কতটা সাফল্য পান বলিউডের ভাইজান। তাঁর অভিজ্ঞতা থেকে নতুন প্রজন্মের অভিনেতারা কতটা শিখতে পারেন, সেদিকেই নজর থাকবে অনুরাগীদের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.