‘বিগ বস বাংলা’র ঘরে ফের নতুন করে উত্তেজনা। কখনও বন্ধুত্ব, কখনও প্রেম, আবার কখনও একে অপরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ—প্রতিযোগীদের সম্পর্কের সমীকরণ যেন প্রতিদিনই বদলে যাচ্ছে। এবার সৃজলা গুহকে কেন্দ্র করে নতুন করে বিতর্কে জড়ালেন রাজবীর ও নন্দিনী। রাজবীরের একটি মন্তব্যকে ঘিরে শুরু হওয়া আলোচনা শেষ পর্যন্ত রাজবীর-নন্দিনীর সম্পর্কে বড়সড় অশান্তির কারণ হয়ে দাঁড়াল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, কান্নায় ভেঙে পড়েন নন্দিনী।
বিগ বসের ঘরে সৃজলার আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন সোনামণি সাহা। তাঁর অভিযোগ, সৃজলা নাকি নিজের বন্ধুদের স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, যাঁরা নন্দিনী ও রাজবীরের সঙ্গে কথা বলবেন, তাঁরা যেন তাঁর সঙ্গে মেলামেশা না করেন। বিশেষ করে নন্দিনীর সঙ্গে কথা বলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিলেন বলে দাবি সোনামণির। কিন্তু সোনামণির বক্তব্য অনুযায়ী, অন্যদের নন্দিনীর সঙ্গে মিশতে বারণ করলেও সৃজলা নিজেই দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে কথা বলছেন। এই দ্বিচারিতা নিয়েই আপত্তি জানান সোনামণি। তাঁর বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন নিরঞ্জন মণ্ডলও।
যদিও সৃজলা এই অভিযোগ মানতে নারাজ। তাঁর দাবি, নন্দিনী কিংবা রাজবীর—কাউকেই তিনি পছন্দ করেন না। তা হলে তাঁদের সঙ্গে কথা বলা নিয়ে এত আপত্তি কেন, সেই প্রশ্নকে কেন্দ্র করেই সোনামণি ও সৃজলার মধ্যে শুরু হয় তীব্র বাদানুবাদ।
রাজবীরকে নিয়ে পুরনো কথা প্রকাশ্যে আনলেন সৃজলা
বিতর্কের মাঝেই ডাইনিং টেবিলের কাছে রাজবীরকে নিয়ে পুরনো একটি প্রসঙ্গ সামনে আনেন সৃজলা। তাঁর দাবি, অতীতে রাজবীর তাঁকে নিজের পছন্দের কথা জানিয়েছিলেন। কিন্তু সৃজলা নাকি সেই প্রস্তাবে সরাসরি না বলে দিয়েছিলেন। সৃজলার এই বক্তব্য শুনেই আপত্তি জানান রাজবীর। তাঁর দাবি, সৃজলা তাঁকে কখনও সরাসরি প্রত্যাখ্যান করেননি। বরং জানিয়েছিলেন, কোনও সম্পর্কে এগিয়ে যাওয়ার আগে তাঁর একটু সময় প্রয়োজন। উল্লেখ্য, রাজবীরের সঙ্গে নন্দিনীর সম্পর্ক তৈরি হওয়ার আগের ঘটনা এটি। তবে পুরনো সেই প্রসঙ্গ নতুন করে উঠে আসায় বিগ বসের ঘরে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
‘মেকআপ ছাড়া তোমাকে বেশি সুন্দর লাগে!’ রাজবীরের মন্তব্যে ক্ষুব্ধ সৃজলা
বিতর্কের আগুনে ঘি পড়ে নন্দিনী ও সৃজলার আলোচনার সময়। কথায় কথায় উঠে আসে ‘দাদার দরবার’-এর প্রসঙ্গ। সৃজলার অভিযোগ, ওই অনুষ্ঠানে তাঁর সাজ দেখার পর রাজবীর নাকি তাঁকে বলেছিলেন, ‘মেকআপ ছাড়া তোমাকে বেশি সুন্দর লাগে!’ পাশাপাশি তাঁর মেকআপ ঠিকঠাক হয়নি বলেও মন্তব্য করেছিলেন বলে দাবি সৃজলার। রাজবীরের এই মন্তব্য নিয়েই প্রশ্ন তোলেন তিনি। সৃজলার বক্তব্য, তাঁর সাজগোজ নিয়ে এমন মন্তব্য করার অধিকার রাজবীরকে কে দিয়েছেন?
পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন নন্দিনী। তিনি জানান, ওই সময় তিনি ও রাজবীর একসঙ্গেই বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। সেই কথোপকথনের প্রেক্ষিতেই রাজবীর মন্তব্যটি করেছিলেন বলে বোঝানোর চেষ্টা করেন নন্দিনী। কিন্তু তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং সৃজলাকে ঘিরে শুরু হওয়া এই আলোচনা ক্রমশ রাজবীর ও নন্দিনীর ব্যক্তিগত বিবাদে পরিণত হয়।
রাজবীর-নন্দিনীর তুমুল অশান্তি, কান্নায় ভেঙে পড়লেন নন্দিনী
সৃজলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের প্রভাব সরাসরি পড়ে রাজবীর ও নন্দিনীর সম্পর্কে। দু’জনের মধ্যে শুরু হয় তুমুল কথা কাটাকাটি। একে অপরের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে আর নিজেকে সামলাতে পারেননি নন্দিনী। শেষ পর্যন্ত তাঁকে হাউহাউ করে কাঁদতে দেখা যায়। বিগ বসের ঘরে রাজবীর ও নন্দিনীর সম্পর্ক নিয়ে এমনিতেই নানা আলোচনা চলছে। তার মধ্যেই সৃজলাকে ঘিরে এই নতুন বিতর্ক তাঁদের সম্পর্কের সমীকরণে আরও জটিলতা তৈরি করল। আগামী দিনে এই ঘটনার প্রভাব তাঁদের সম্পর্কে কতটা পড়ে, এখন সেটাই দেখার।
অসুস্থতার কারণে বিগ বস ছাড়লেন ঝিলম গুপ্ত
অন্যদিকে, বিগ বসের ঘরে যখন সম্পর্কের টানাপোড়েন চরমে, তখনই সামনে আসে আরও একটি মন খারাপ করা খবর। শারীরিক অসুস্থতার কারণে মাঝপথেই শো ছাড়তে হল ঝিলম গুপ্তকে। জানা গিয়েছে, চিকিৎসকদের পরামর্শ মেনেই ঝিলমকে শো থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। তাঁর আচমকা বিদায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন সহ-প্রতিযোগীরা। কান্নায় ভেঙে পড়েন অনেকে।
একদিকে রাজবীর-নন্দিনীর সম্পর্কে নতুন করে অশান্তি, অন্যদিকে ঝিলমের আচমকা বিদায়—সব মিলিয়ে ‘বিগ বস বাংলা’র ঘরে এখন টানটান উত্তেজনা। আগামী পর্বগুলিতে প্রতিযোগীদের সম্পর্কের সমীকরণ কোন দিকে এগোয়, সেটাই দেখার অপেক্ষা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
