টলিউডের অন্যতম চর্চিত প্রেমের জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তাঁদের। ২০১৫ সালে ‘পারবো না আমি ছাড়তে তোকে’ ছবির হাত ধরে শুরু হয়েছিল তাঁদের সম্পর্কের পথচলা। দেখতে দেখতে এক দশকের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে সেই প্রেম। তবে দীর্ঘ এই সফরে বারবার তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে। কখনও বিচ্ছেদের গুঞ্জন, কখনও আবার সম্পর্কের সমীকরণ নিয়ে নানা আলোচনা। যদিও সমস্ত জল্পনাকে পিছনে ফেলে বারবার একে অপরের পাশে দাঁড়িয়েছেন বনি ও কৌশানী। এবার সেই সম্পর্কের আবহেই কৌশানীকে নিয়ে মুখ খুললেন বনির মা, অভিনেত্রী পিয়া সেনগুপ্ত।
টলিউডে বনি-কৌশানীর প্রেমের রসায়ন নিয়ে বরাবরই চর্চা রয়েছে। মাঝেমধ্যে তাঁদের সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলেও গুঞ্জন ছড়িয়েছে। এমনকী, কৌশানীর জীবনে অন্য কারও উপস্থিতি নিয়েও নানা কথা শোনা গিয়েছিল। যদিও এই ধরনের জল্পনা তাঁদের সম্পর্ককে ঘিরে আলোচনা থামাতে পারেনি।
সম্প্রতি পুজোয় মুক্তি পাওয়া শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘বহুরূপী’ ছবিতে কৌশানীর অভিনয় নিয়েও চর্চা শুরু হয়েছে। ছবিতে শিবপ্রসাদের সঙ্গে তাঁর অনস্ক্রিন রসায়ন দর্শকদের নজর কেড়েছে। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কৌশানী জানান, পর্দায় তাঁদের জুটির জনপ্রিয়তা কাজের দিক থেকে ইতিবাচক বিষয়। সেই সময় পাশে থাকা বনি সেনগুপ্ত মজার ছলে বলেন, “রিয়েল লাইফের মানুষ আর রিল লাইফের মানুষ আলাদা হতেই পারে! তবে দিনের শেষে রিয়েল লাইফের মানুষটিকেই কাছে ফিরতে হবে।” বনির এই মন্তব্যে বাস্তবের সম্পর্ক ও পর্দার রসায়নের পার্থক্য যেন স্পষ্ট হয়ে ওঠে।
হবু বৌমাকে নিয়ে কী বললেন পিয়া সেনগুপ্ত?
বনি-কৌশানীর সম্পর্ক নিয়ে নানা জল্পনার মধ্যেই এবার কৌশানীর বাড়ির দুর্গাপুজোয় হাজির হন বনির মা পিয়া সেনগুপ্ত। সেখানে হবু বৌমাকে নিয়ে তাঁর মন্তব্য নতুন করে নজর কেড়েছে। পিয়া স্পষ্ট ভাষায় কৌশানীর প্রশংসা করে জানান, তাঁর মতে, টলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দরী নায়িকা কৌশানী।
শুধু সৌন্দর্যের প্রশংসাই নয়, বনি ও কৌশানীর সম্পর্ক নিয়েও নিজের মনের কথা প্রকাশ করেন তিনি। মা দুর্গার কাছে প্রার্থনা করেন, দু’জনে যেন সারাজীবন এভাবেই সুখে-শান্তিতে একসঙ্গে থাকতে পারেন। পাশাপাশি, কৌশানীর এবারের দুর্গাপুজোর ছবিও যেন বক্স অফিসে সুপারহিট হয়, সেই আশীর্বাদ করেন পিয়া।

বনি-কৌশানীর সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নানা সময়ে নানা জল্পনা তৈরি হলেও পিয়া সেনগুপ্তের এই মন্তব্য তাঁদের সম্পর্কের প্রতি পরিবারের ইতিবাচক মনোভাবেরই ইঙ্গিত দেয়। হবু বৌমার প্রতি এমন অকুণ্ঠ প্রশংসা ও আশীর্বাদ স্বাভাবিকভাবেই নজর কেড়েছে অনুরাগীদের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.