‘বিগ বস বাংলা’র ঘরে আচমকাই থেমে গিয়েছে ঝিলম গুপ্তর যাত্রা। শারীরিক অসুস্থতার কারণে মাঝপথেই রিয়্যালিটি শো থেকে বিদায় নিতে হয়েছে তাঁকে। মুম্বই থেকে বাড়ি ফিরে এবার সোশাল মিডিয়ায় প্রথম পোস্ট করলেন অভিনেত্রী। জানালেন নিজের শারীরিক অবস্থার কথাও। ঝিলমের পোস্ট সামনে আসতেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর অনুরাগীরা।
সম্প্রতি শারীরিক অসুস্থতার কারণে ‘বিগ বস বাংলা’ থেকে ঝিলমের বিদায়ের সিদ্ধান্ত নেন শোয়ের নির্মাতারা। তাঁর বাবার দাবি, অভিনেত্রীর গলব্লাডারে পাথর ধরা পড়েছে, যার আকারও বেশ বড়। ফলে দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি। চিকিৎসার জন্য আপাতত বাড়িতেই রয়েছেন ঝিলম।
বাড়ি ফিরে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, “ওগো মা… এসো মা… এই বাড়িতেও থাকতে এসো মা…ঘরে ফিরে এসেছি। একটু ভালো আছি।” তাঁর এই কথাতেই স্পষ্ট, আপাতত বাড়িতে ফিরে কিছুটা সুস্থ বোধ করছেন তিনি। ঝিলমের শারীরিক অবস্থার এই ইতিবাচক আপডেট পেয়ে খুশি তাঁর অনুরাগীরা। প্রিয় অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছেন তাঁরা।
অন্যদিকে, ‘বিগ বস বাংলা’র ঘরেও ঝিলমের বিদায় ঘিরে তৈরি হয়েছিল আবেগঘন মুহূর্ত। গত সোমবার ঘরে এক দফা নমিনেশন প্রক্রিয়া শেষ হওয়ার পরই বিগ বসের তরফে ঘোষণা করা হয়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঝিলমের পক্ষে আর শোয়ে থাকা সম্ভব নয়। তাঁর মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখার পরই তাঁকে বিশ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিগ বসের এই ঘোষণায় কার্যত হতবাক হয়ে যান ঝিলম-সহ ঘরের অন্যান্য প্রতিযোগীরা। প্রথমে অনেকেই বুঝে উঠতে পারেননি, কী কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হল। দর্শকদের কাছেও বিষয়টি ছিল বেশ অপ্রত্যাশিত। শারীরিক অসুস্থতার কারণে প্রিয় প্রতিযোগীকে মাঝপথেই বিদায় নিতে হবে, তা মেনে নিতে সময় লাগে অনেকেরই।
বিদায়ের মুহূর্তে ঝিলমকে উদ্দেশ্য করে বিগ বস বলেন, “আশা করি, বিগ বসের ঘর থেকে নিজের প্রতি নতুন বিশ্বাস আর অসংখ্য মানুষের ভালবাসা নিয়ে যাবেন। আপনার আগামী দিনগুলো সাফল্য, আনন্দে ভরে উঠুক। সুস্থ হয়ে উঠুন।” বিগ বসের এই বার্তার উত্তরে ক্ষীণ কণ্ঠে ধন্যবাদ জানান ঝিলম।

শো থেকে ঝিলমের আচমকা বিদায়ে মন খারাপ হয়েছিল তাঁর অনুরাগীদের। তবে বাড়ি ফিরে অভিনেত্রীর নিজের মুখে সুস্থতার খবর পাওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে তাঁদের মনে। এখন সকলেরই অপেক্ষা, দ্রুত সুস্থ হয়ে আবার কবে স্বাভাবিক জীবনে ফিরবেন ঝিলম গুপ্ত।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.