বিগ বস বাংলার ঘরে বন্ধুত্ব, অভিমান আর শত্রুতার সমীকরণ যেন প্রতিদিনই বদলে যাচ্ছে। কখনও পুরনো বিবাদ ভুলে এক প্রতিযোগী অন্যকে সাহায্য করছেন, আবার কখনও বন্ধুত্বের সম্পর্কেই পড়ছে ফাটল। এবারের নমিনেশন পর্বেও তার ব্যতিক্রম হল না। সৃজলা গুহকে ঘিরে একদিকে যেমন নন্দিনীর সিদ্ধান্ত চমকে দিয়েছে, তেমনই মনামীর পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েছেন সৃজলা। এমনকী, প্রকাশ্যেই অন্য প্রতিযোগীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিগত কয়েক দিন ধরেই নন্দিনী ও সৃজলার সম্পর্কের টানাপড়েন চলছে। ঘোড়া থেকে পড়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নন্দিনী একাধিকবার ক্ষমা চাইলেও সৃজলার মন গলেনি। ফলে নমিনেশন পর্বে নন্দিনী কী সিদ্ধান্ত নেন, তা নিয়ে কৌতূহল ছিল দর্শকদের মধ্যে। তবে সবাইকে অবাক করে দিয়ে সৃজলাকে বাঁচানোর সিদ্ধান্ত নেন নন্দিনী। তাঁর বক্তব্য, সৃজলা শারীরিকভাবে আঘাত পেয়েছেন। সেই বিষয়টি মাথায় রেখেই তাঁকে সেভ করছেন তিনি। দু’জনের মধ্যে সম্পর্কের তিক্ততা থাকলেও নমিনেশনের সময় নন্দিনীর এই সিদ্ধান্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
নন্দিনীর সিদ্ধান্তের ঠিক উল্টো পথে হেঁটেছেন মনামী। বিশেষ ক্ষমতা হাতে পেতেই তিনি সৃজলাকে নমিনেট করেন। মনামীর যুক্তি, সৃজলার সঙ্গে তাঁর তেমন কোনও বন্ধুত্ব বা ঘনিষ্ঠতা তৈরি হয়নি। তা ছাড়া, টাস্কের সময় সৃজলা যে ধরনের কথা বলেন, বাস্তবে সব সময় তাঁর সঙ্গে কাজের মিল থাকে না বলেও মনে করেন মনামী। কিন্তু মনামীর এই যুক্তি মেনে নিতে পারেননি সৃজলা। তাঁর দাবি, মাত্র চার দিন আগেই মনামীর জন্য তিনি খেলেছিলেন। সেই জায়গা থেকে মনামীর এমন সিদ্ধান্তকে বিশ্বাসভঙ্গ হিসেবেই দেখছেন তিনি। আর এই ঘটনাকে কেন্দ্র করেই বিগ বসের ঘরে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে।
‘এই সপ্তাহে বেঁচে গেলে সকলের কপালে দুঃখ আছে!’
মনামীর সিদ্ধান্তে ক্ষোভ চেপে রাখতে পারেননি সৃজলা। প্রকাশ্যেই নিজের রাগ প্রকাশ করে অন্য প্রতিযোগীদের উদ্দেশে হুঁশিয়ারি দেন তিনি। সৃজলার কথায়, “এই সপ্তাহে বেঁচে গেলে সকলের কপালে দুঃখ আছে!”
তাঁর এই মন্তব্যের পর বিগ বসের ঘরে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে এগোয়, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। নমিনেশন পর্বের এই ঘটনা কি প্রতিযোগীদের মধ্যে নতুন করে শত্রুতার জন্ম দেবে, নাকি আবারও বদলে যাবে সম্পর্কের সমীকরণ? এখন সেই দিকেই নজর দর্শকদের। এবারের নমিনেশন পর্বে বিপদের মুখে রয়েছেন রাজবীর, সৃজলা, তনুশ্রী এবং নন্দিনী। চার প্রতিযোগীর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে, পরিস্থিতি দেখে কার্যত দিশেহারা রণিতাও। দুই প্রতিযোগীর মধ্যে চলতে থাকা টানাপড়েনের প্রসঙ্গে তাঁকে বলতে শোনা যায়, “এই দুইয়ের খেলায় মাথা হ্যাং হয়ে যাচ্ছে।”

সব মিলিয়ে বিগ বস বাংলার ঘরে এখন সম্পর্কের সমীকরণ বেশ জটিল। একদিকে নন্দিনীর অপ্রত্যাশিত সিদ্ধান্ত, অন্যদিকে মনামীর নমিনেশনে সৃজলার ক্ষোভ—সব মিলিয়ে আগামী পর্বগুলিতে যে আরও নাটকীয় পরিস্থিতি তৈরি হতে পারে, তা বলাই যায়। এখন দেখার, এই সপ্তাহে কার যাত্রা শেষ হয় এবং সৃজলার হুঁশিয়ারির পর ঘরের সমীকরণ কতটা বদলায়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.