হলিউডের বিনোদনজগতে নেমে এল শোকের ছায়া। প্রয়াত কিংবদন্তি ব্রিটিশ অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট। ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’ এবং ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজ়িতে অভিনয়ের সুবাদে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন তিনি। বৃহস্পতিবার অভিনেতার নিজস্ব এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
পরিবারের তরফে প্রকাশিত বিবৃতি অনুযায়ী, বুধবার লস অ্যাঞ্জেলেসে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। শেষ সময়ে তাঁর পাশে ছিলেন স্ত্রী সানি। অ্যালঝাইমার্স ডিজ়িজ় এবং লিউই বডি ডিমেনশিয়ার সঙ্গে লড়াইয়ের পর তাঁর জীবনাবসান হয়। জীবনের শেষ মুহূর্তগুলি পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই কাটিয়েছেন তিনি। সেখানে ছিল লাইভ সঙ্গীত, প্রার্থনা, কান্না এবং হাসির মুহূর্ত।
১৯৪০ সালে ইংল্যান্ডের ওয়েস্ট ইয়র্কশায়ারের মিরফিল্ডে জন্ম প্যাট্রিক স্টুয়ার্টের। ছয় দশকেরও বেশি সময় ধরে থিয়েটার, টেলিভিশন, সিনেমা এবং ব্রডওয়েতে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। আন্তর্জাতিক তারকা হয়ে ওঠার অনেক আগে থেকেই মঞ্চাভিনেতা হিসেবে নিজের দক্ষতার পরিচয় দিয়েছিলেন প্যাট্রিক। ১৯৬০-এর দশকে রয়্যাল শেক্সপিয়র কোম্পানির সঙ্গে যুক্ত হন তিনি। সেখানে দীর্ঘদিন কাজ করার পাশাপাশি একাধিক উল্লেখযোগ্য নাটকে অভিনয় করেন। তবে বিশ্বজুড়ে দর্শকের কাছে তাঁর পরিচিতি তৈরি হয় ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এর হাত ধরে। এই জনপ্রিয় কল্পবিজ্ঞান সিরিজ়ে ক্যাপ্টেন জঁ-লুক পিকার্ডের চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকদের মন জয় করেন তিনি। তাঁর গভীর কণ্ঠস্বর, ব্যক্তিত্বপূর্ণ উপস্থিতি এবং অভিনয়ের স্বতন্ত্র ধরন চরিত্রটিকে বিশেষ জনপ্রিয়তা দিয়েছিল।
এরপর ‘এক্স-মেন’ ছবির ফ্র্যাঞ্চাইজ়িতে প্রফেসর চার্লস জ়েভিয়ারের ভূমিকায় অভিনয় করে নতুন প্রজন্মের কাছেও সমান জনপ্রিয় হয়ে ওঠেন প্যাট্রিক। একাধিক ছবিতে এই চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। কল্পবিজ্ঞান থেকে সুপারহিরো—বিভিন্ন ধরনের চরিত্রে নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দিয়েছেন তিনি। শুধু অভিনয় নয়, সমাজসেবামূলক কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। মানবাধিকার রক্ষা, গার্হস্থ্য হিংসার শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানো, শরণার্থীদের সহায়তা, প্রবীণ সেনাকর্মীদের মানসিক স্বাস্থ্য এবং পশুকল্যাণের মতো একাধিক বিষয়ে সক্রিয় ছিলেন অভিনেতা।
নাট্যজগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে নাইট উপাধিতে ভূষিত করা হয়েছিল। আন্তর্জাতিক খ্যাতি অর্জন করলেও নিজের ইয়র্কশায়ারের শিকড়কে কখনও ভুলে যাননি তিনি।

অভিনেতার প্রয়াণে শোকস্তব্ধ তাঁর অনুরাগীরা। পর্দায় ক্যাপ্টেন পিকার্ড কিংবা প্রফেসর জ়েভিয়ারের মতো চরিত্রে তাঁর অভিনয় চিরকাল দর্শকদের মনে জায়গা করে থাকবে। ছয় দশকের দীর্ঘ অভিনয়জীবনের মধ্য দিয়ে বিশ্ব বিনোদনজগতে যে অবদান রেখে গেলেন প্যাট্রিক স্টুয়ার্ট, তা সহজে ভোলার নয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.