‘বিগ বস বাংলা’কে কেন্দ্র করে দর্শকদের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। প্রতিযোগীদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, মানসিক চাপ এবং নানা বিতর্কের মাঝেই এবার আলোচনায় উঠে এলেন অভিনেত্রী মানবী বন্দ্যোপাধ্যায়। প্রতিযোগী রাজবীরের আবেগঘন মুহূর্ত দেখে নিজেকে সামলাতে পারেননি তিনি। এমনকী রাজবীরের কান্না দেখে নিজেও কেঁদে ফেলেছেন বলে জানিয়েছেন মানবী। পাশাপাশি বিগ বসের ঘরের অভিজ্ঞতা ভাগ করে নিয়ে শোয়ের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
নিজের বিগ বসের অভিজ্ঞতার কথা স্মরণ করে মানবী বন্দ্যোপাধ্যায় জানান, শোয়ে অংশ নেওয়ার সময়ই তিনি বুঝতে পেরেছিলেন, তাঁকে মূলত দর্শকদের বিনোদনের জন্য একটি বিশেষ চরিত্রে রাখা হয়েছে। তাঁর দাবি, তাঁকে কখনওই বিজয়ী করার পরিকল্পনা ছিল না। এমনকী তাঁর মনে হয়েছিল, বিগ বসের ট্রফি কার হাতে উঠবে, তা হয়তো আগে থেকেই ঠিক করে রাখা হয়।
সোশ্যাল মিডিয়ায় নিজের বক্তব্য জানিয়ে মানবী লেখেন, বিগ বসে অংশ নেওয়ার সময় তিনি বুঝেছিলেন তাঁকে শুধুমাত্র ‘ফানি এন্টারটেইনমেন্ট’ হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাই তাঁর মনে হয়েছিল, এই শোয়ে ট্রফি জেতার সুযোগ তাঁর জন্য তৈরি করা হয়নি। যদিও এই মন্তব্যের মাধ্যমে তিনি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ও উপলব্ধির কথাই তুলে ধরেছেন।
সম্প্রতি বিগ বসের ঘরে রাজবীরের আবেগঘন মুহূর্ত দর্শকদের মধ্যে আলোড়ন তৈরি করেছে। তাঁর কান্নাকে অনেকে গেম প্ল্যান বলে মনে করলেও সেই ধারণার সঙ্গে একেবারেই সহমত নন মানবী। বরং রাজবীরের প্রতি হওয়া আচরণে তিনি যথেষ্ট মর্মাহত। রাজবীরের কান্নার প্রসঙ্গে মানবী রামায়ণের ভরতের উদাহরণ টেনে বলেন, এই আবেগকে কোনওভাবেই অভিনয় বা কৌশল বলে মনে করতে রাজি নন তিনি। তাঁর কথায়, রাজবীরকে যেভাবে কাঁদতে দেখা গিয়েছে, তা তাঁকে ভীষণভাবে নাড়া দিয়েছে। এমনকী রাজবীরের চোখের জল দেখে নিজেও কেঁদে ফেলেছেন।
এখানেই শেষ নয়, রাজবীরকে উদ্দেশ্য করে মানবী লেখেন, ‘কুসুম তোমার শুধু শরীর শরীর, মন বলিয়া কিছু নাই!’ তাঁর মতে, যারা রাজবীরকে শুধুমাত্র শরীরের নিরিখে বিচার করেছিলেন, তাঁদের এবার ছেলেটির মনের আবেগ এবং অনুভূতিও বোঝা উচিত। রাজবীরের প্রতি অন্যায় আচরণ করা হয়েছে বলেও নিজের পোস্টে ইঙ্গিত করেছেন তিনি। বর্তমান প্রজন্ম অর্থাৎ জেন জ়ি-র ভালোবাসা ও আবেগের প্রসঙ্গও তুলে ধরেছেন মানবী। তাঁর মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ভালোবাসার শুদ্ধতার প্রতি বিশ্বাস যেন আরও বেড়ে গিয়েছে। তাই রাজবীরের আবেগকে তিনি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।
পোস্টের শেষে রাজবীরের জন্য শুভকামনা জানিয়ে মানবী লেখেন, তিনি চান রাজবীর যেন রাজার মতো রাজনন্দিনী এবং বিগ বসের ট্রফি নিয়ে মায়ের কাছে ফিরে আসেন। এমনটা সত্যি হলে তিনি ভীষণ আনন্দিত হবেন বলেও জানিয়েছেন।
সব মিলিয়ে রাজবীরের কান্না, নন্দিনীর সঙ্গে তাঁর সম্পর্ক এবং বিগ বসের ঘরের নানা সমীকরণ নিয়ে মানবী বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। এখন দেখার, শেষ পর্যন্ত রাজবীরের ভাগ্যে কী রয়েছে এবং বিগ বসের বিজয়ীর মুকুট কার মাথায় ওঠে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
