‘বিগ বস বাংলা’-র (Bigg Boss Bangla) ঘরে প্রতিদিনই নতুন নতুন ঘটনা দর্শকদের নজর কাড়ছে। কখনও সম্পর্কের টানাপোড়েন, কখনও ঝগড়া-বিবাদ, আবার কখনও আবেগঘন মুহূর্ত। তবে সাম্প্রতিক সময়ে এই রিয়ালিটি শোয়ের অন্যতম চর্চিত জুটি হয়ে উঠেছেন অভিনেতা জিতু কমল ও সৃজলা গুহ। সৃজলার মন জয় করতে জিতুর একের পর এক রোম্যান্টিক পদক্ষেপ ঘিরে শুরু হয়েছে নতুন জল্পনা। নন্দিনীর পর কি তবে বিগ বসের ঘরে নতুন প্রেমের গল্প তৈরি হচ্ছে?
সম্প্রতি শুক্রবারের পর্বে সবার সামনেই সৃজলার প্রতি নিজের ভালো লাগার কথা প্রকাশ করেন জিতু। যদিও বক্তব্যের শেষ অংশটি মাইক্রোফোন বন্ধ রেখে বলেছিলেন তিনি। তবুও তাঁর মনের কথা বুঝতে দর্শকদের অসুবিধা হয়নি। এরপর শনিবারের পর্বে জিতুর রোম্যান্স যেন আরও এক ধাপ এগিয়ে যায়।
এদিন একা বসে ছিলেন সৃজলা। আচমকাই তাঁর দিকে একটি কাগজ ছুড়ে দেন জিতু। কাগজটি খুলতেই দেখা যায়, সেখানে নিজের হাতে ‘আই লাভ ইউ’ লিখেছেন অভিনেতা। কিন্তু জিতুর এই প্রেম নিবেদনের কোনও স্পষ্ট উত্তর দেননি সৃজলা। বরং চিরকুটটি নিয়ে সতীর্থ সৌরভ দাসকে দেখান তিনি। সৃজলার কথায়, শো থেকে বাইরে বেরোলেই হয়তো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তাঁর এই নীরবতা স্বাভাবিকভাবেই দর্শকদের মনে নতুন প্রশ্ন তৈরি করেছে। অন্যদিকে, জিতুর হাতের লেখা দেখে মজার ছলে প্রশংসাও করেন সৌরভ। তবে সৃজলার তরফে কোনও ইতিবাচক ইঙ্গিত না মেলায় জিতুর প্রেমের প্রস্তাব শেষ পর্যন্ত কোন দিকে এগোয়, তা নিয়ে কৌতূহল বাড়ছে।
কিন্তু শুধু প্রেমের চর্চাতেই সীমাবদ্ধ নেই জিতু। বিগ বসের ঘরে তাঁর মেজাজ নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। বিশেষ করে সহপ্রতিযোগী তনুশ্রী রায়ের সঙ্গে খাবার নিয়ে বচসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কথা কাটাকাটির সময় জিতুকে বলতে শোনা যায়, এরপর থেকে তিনি তনুশ্রীর খাওয়া-দাওয়া বন্ধ করে দেবেন। অভিনেতার এমন মন্তব্য নিয়ে শুরু হয় আলোচনা। বিষয়টি নজর এড়ায়নি শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়েরও। শনিবারের ‘দাদার দরবার’-এর প্রোমোতে দেখা গিয়েছে, জিতুর আচরণ নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ মহারাজ। রবিবারের পর্বে তাঁকে জিতুকে কড়া ভাষায় সতর্ক করতে দেখা যাবে।
সৌরভের বক্তব্য, জিতু একজন প্রতিষ্ঠিত ও জনপ্রিয় অভিনেতা। তাই তাঁর কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ একেবারেই প্রত্যাশিত নয়। রাগের মাথায় এই ধরনের মন্তব্য করলে দর্শকদের কাছেও ভুল বার্তা পৌঁছতে পারে। তাই নিজের রাগ নিয়ন্ত্রণ করার পরামর্শ দেন তিনি।

সব মিলিয়ে বিগ বসের ঘরে এখন জিতুকে ঘিরে দ্বিমুখী চর্চা। একদিকে সৃজলার প্রতি তাঁর ভালোবাসার প্রকাশ, অন্যদিকে তনুশ্রীর সঙ্গে বিবাদ এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের কড়া সতর্কবার্তা। এবার দাদার ধমকের পর জিতুর আচরণে কোনও পরিবর্তন আসে কি না, আর সৃজলা তাঁর প্রেমপত্রের জবাব দেন কি না, সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.