‘টক্সিক’ ছবিতে যশের সঙ্গে কিয়ারা আডবানির অন্তরঙ্গ দৃশ্য ঘিরে কম বিতর্ক হয়নি। বিশেষ করে ‘তবাহি’ গানে দুই তারকার ঘনিষ্ঠ রসায়ন প্রকাশ্যে আসতেই শুরু হয়েছিল সমালোচনা। এমনকী, এই দৃশ্যের জন্য কিয়ারার পাশাপাশি কটাক্ষের মুখে পড়তে হয়েছিল তাঁর স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকেও। তাঁকে শুনতে হয়েছিল, ‘কেমন স্বামী আপনি, বউকে সামলাতে পারেন না?’ এতদিন এই বিতর্ক নিয়ে নীরব থাকলেও এবার প্রকাশ্যে মুখ খুললেন সিদ্ধার্থ ও কিয়ারা।
আগস্ট মাসে মুক্তি পাওয়া ‘টক্সিক’ ছবির একাধিক সাহসী দৃশ্য নিয়ে শুরু থেকেই চর্চা চলেছে। ছবির ‘তবাহি’ গানে যশ ও কিয়ারার অন্তরঙ্গ মুহূর্ত ঘিরে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছিল বিতর্ক। গানের দৃশ্য দেখে কেউ কেউ কটাক্ষ করে প্রশ্ন তুলেছিলেন, এটি আদৌ গান, নাকি কন্ডোমের বিজ্ঞাপন! আবার কিয়ারার ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়েছিল নানা মন্তব্য।
একজন বিবাহিত মহিলা এবং মা হয়ে কীভাবে এমন সাহসী দৃশ্যে অভিনয় করতে পারেন কিয়ারা? এমন প্রশ্নও তুলেছিলেন নেটিজেনদের একাংশ। একইসঙ্গে যশের সঙ্গে কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে সিদ্ধার্থের প্রতিক্রিয়া কী, তা নিয়েও চলেছিল জল্পনা। এতদিন অবশ্য এই সমস্ত সমালোচনা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তারকাদম্পতি। সম্প্রতি করণ জোহরের জনপ্রিয় অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-এ সেই প্রসঙ্গ উঠতেই নীরবতা ভাঙেন তাঁরা।
অনুষ্ঠানে করণ জোহর উল্লেখ করেন, বিবাহিত পুরুষ অভিনেতারা যখন অন্য নায়িকাদের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন, তখন তাঁদের কিন্তু একইভাবে সমালোচনার মুখে পড়তে হয় না। এই দ্বিচারিতার বিষয়টি সামনে আনেন তিনি।কিয়ারাও স্পষ্ট জানিয়ে দেন, ‘টক্সিক’-এর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সিদ্ধার্থের কোনও আপত্তি ছিল না। অভিনেত্রীর কথায়, সিদ্ধার্থ বিষয়টি নিয়ে কখনও কোনও প্রশ্ন তোলেননি। এমনকী, এই নিয়ে তাঁদের মধ্যে আলাদা করে কোনও আলোচনাও হয়নি। স্বামী হিসেবে সিদ্ধার্থ একেবারেই বিচলিত হননি।

কিয়ারা আরও জানান, সিনেমার পর্দায় বহু বছর ধরেই এমন অন্তরঙ্গ দৃশ্য দেখানো হচ্ছে। ঐশ্বর্য রাই বচ্চন-সহ একাধিক অভিনেত্রী অতীতেও এই ধরনের দৃশ্যে অভিনয় করেছেন। তাই বিষয়টি নিয়ে আলাদা করে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন অনুভব করেননি তিনি। নেটমাধ্যমে সমালোচনার পাশাপাশি যে ভণ্ডামির বিরুদ্ধে অনেকে সরব হয়েছিলেন, সেটিও নজর এড়ায়নি অভিনেত্রীর। তাঁর মতে, এই বিতর্কের পক্ষে সাফাই দেওয়ার কোনও প্রয়োজনই ছিল না।

অন্যদিকে, ‘টক্সিক’-এর বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য না পাওয়া নিয়েও হতাশা প্রকাশ করেছেন কিয়ারা। সব মিলিয়ে ছবির সাহসী দৃশ্য থেকে শুরু করে ব্যক্তিগত জীবন নিয়ে ওঠা প্রশ্ন—এবার সব বিতর্কেই নিজেদের অবস্থান স্পষ্ট করলেন সিদ্ধার্থ ও কিয়ারা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.