ব্যক্তিগত জীবনের গভীর শোকের মধ্যেও নিজের চিরচেনা রসবোধ হারাননি বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। সম্প্রতি প্রয়াত হয়েছেন তাঁর স্বামী তথা চলচ্চিত্র প্রযোজক জয়ন্ত মুখোপাধ্যায়। স্বামীর স্মরণসভায় উপস্থিত হয়ে আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলেন অভিনেত্রী। তবে শোকসভা শেষে বাইরে বেরিয়ে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে তাঁর একটি মন্তব্য ঘিরে শুরু হয়েছে চর্চা।
দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন জয়ন্ত মুখোপাধ্যায়। গত শুক্রবার তাঁর প্রয়াণের খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে আসে বিনোদন জগতে। উল্লেখ্য, তিনি কিংবদন্তি গায়ক হেমন্ত মুখোপাধ্যায়ের পুত্র। স্বামীর প্রয়াণে স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মৌসুমী।
সম্প্রতি মুম্বইয়ে জয়ন্ত মুখোপাধ্যায়ের স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রয়াত প্রযোজককে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হয়েছিলেন বলিউডের একাধিক পরিচিত ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে ছিলেন অভিনেতা জ্যাকি শ্রফ এবং অনুপম খের। পরিবার, বন্ধু ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে স্মরণসভার পরিবেশ ছিল অত্যন্ত আবেগঘন।
তবে শোকসভা শেষে বাইরে বেরিয়ে আসার সময় অভিনেত্রীকে ঘিরে ধরেন পাপারাজ্জিরা। সেই সময় দেখা যায়, কয়েকজনের সাহায্য নিয়ে গাড়িতে উঠছেন মৌসুমী। তাঁকে ধরে থাকতে দেখে ক্যামেরার সামনে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই রসিকতা করে ওঠেন অভিনেত্রী।
মৌসুমী বলেন, “এই রে, আবার ক্যামেরা! এবার তো পেপারে ছবি ছেপে যাবে, লোকে তো ভাববে আমি হাঁটতেই পারি না।” এরপর নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে মজা করে আরও বলেন, পড়ে যাওয়ার ভয়েই তাঁকে ধরে রাখা হয়েছে। কারণ পড়ে গেলেই হাসপাতালে তাঁকে মমির মতো সাজিয়ে রেখে দেওয়া হবে!
নিজের এই মন্তব্যের পর নিজেই হেসে ওঠেন অভিনেত্রী। জীবনের এমন কঠিন সময়ে দাঁড়িয়েও তাঁর এই খোলামেলা স্বভাব এবং রসবোধ যেন আরও একবার সামনে এল। তবে তাঁর কথার আড়ালে বয়সজনিত শারীরিক অসুবিধা এবং পড়ে যাওয়ার আশঙ্কার বিষয়টিও স্পষ্ট।

ব্যক্তিগত জীবনের শোক সামলে কীভাবে নিজের মানসিক দৃঢ়তা ধরে রেখেছেন মৌসুমী, শোকসভার পর তাঁর এই মুহূর্ত যেন সেই ছবিই তুলে ধরল। বরাবরই স্পষ্টবক্তা হিসেবে পরিচিত এই অভিনেত্রী কঠিন পরিস্থিতিতেও নিজের স্বতন্ত্র ব্যক্তিত্ব বজায় রাখলেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.