প্রথম স্ত্রীর মৃত্যুর শোক কাটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টলিউড অভিনেতা রাহুল বর্মণ। গত বছর স্ত্রী অপরাজিতা বর্মণের আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অভিনেতা। সেই শোকের রেশ কাটতে না কাটতেই এ বার ফের বিয়ের পিঁড়িতে বসলেন তিনি। নতুন জীবনসঙ্গিনীর নাম পরী। তিনিও বিনোদন জগতের সঙ্গে যুক্ত। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের একাধিক ছবি ও ভিডিয়ো প্রকাশ্যে এসেছে।
রাহুল বর্মণ ও পরীর বিয়ের ছবিতে দেখা গিয়েছে দু’রকম সাজ। একটি ছবিতে পাশ্চাত্য রীতির বিয়ের সাজে ধরা দিয়েছেন তাঁরা। সাদা গাউন, মাথায় ভেল এবং সিঁথিতে সিঁদুর পরে হাসিমুখে দেখা গিয়েছে নববধূ পরীকে। অন্য দিকে, কালো স্যুট ও সাদা শার্টে সেজেছিলেন রাহুল। আবার অন্য একটি ছবিতে সম্পূর্ণ বাঙালি সাজে দেখা গিয়েছে নবদম্পতিকে। লাল কারুকাজ করা পাঞ্জাবিতে সেজেছিলেন অভিনেতা। আর লাল শাড়ি, সিঁথিভরা সিঁদুর এবং হাতে ফুলের তোড়া নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন পরী। তাঁদের বিয়ের এই বিশেষ মুহূর্তগুলি ইতিমধ্যেই নেটমাধ্যমে নজর কেড়েছে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৫ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রাহুল বর্মণের প্রথম স্ত্রী অপরাজিতা বর্মণের। স্ত্রীর আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারেননি অভিনেতা। সেই সময় গভীর একাকিত্ব ও মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে দিন কাটছিল তাঁর।
পরবর্তীতে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘পুরাতন’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে প্রয়াত স্ত্রীকে নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রাহুল। ক্যামেরার সামনেই কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। অভিনেতা জানিয়েছিলেন, প্রতি রাতে স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং পুরোনো স্মৃতিগুলি মনে করেন। সেই অনুষ্ঠানে রাহুল আরও বলেছিলেন, সাত জন্মের জন্য তাঁরা একে অপরের সঙ্গী হয়েছিলেন। একটি জন্ম একসঙ্গে কাটানো হয়েছে, এখনও ছয় জন্ম একসঙ্গে কাটানো বাকি। তাঁর সেই আবেগঘন মন্তব্য সেসময় অনেকের মন ছুঁয়ে গিয়েছিল।
প্রথম স্ত্রীর মৃত্যুর পর দীর্ঘ সময় একাকিত্বের সঙ্গে লড়াই করেছেন অভিনেতা। এ বার পরীকে জীবনসঙ্গী করে নতুন করে পথচলা শুরু করলেন তিনি। ব্যক্তিগত জীবনের এই নতুন অধ্যায় ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বিনোদন মহলে। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির ছবি ও ভিডিয়ো দেখে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীরা।
অতীতের স্মৃতিকে সঙ্গে নিয়েই জীবনের নতুন পথে এগিয়ে চলেছেন রাহুল বর্মণ। অভিনেতার এই নতুন ইনিংস কেমন হয়, এখন সেটাই দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
