প্রেমের সম্পর্ক এবার পরিণতি পেল বিয়েতে। বৃহস্পতিবার গভীর রাতে বাগদান ও আইনি বিয়ে সেরেছেন অভিনেত্রী তথা প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। তাঁর জীবনসঙ্গী সিদ্ধার্থ দত্তকে নিয়ে এখন জোর চর্চা টলিপাড়ায়। তবে বিয়ের খবর প্রকাশ্যে আসতেই সামনে এসেছে সিদ্ধার্থর অতীত জীবনের এক অজানা অধ্যায়। জানা যাচ্ছে, মিমিকে বিয়ে করার আগে আরও একবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সিদ্ধার্থর প্রথম বিয়ের ভিডিয়ো।
সূত্রের খবর, ২০১৭ সালের ৩ ফেব্রুয়ারি প্রথমবার বিয়ে করেছিলেন সিদ্ধার্থ দত্ত। পেশায় মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্কে থাকার পর নিজের ঘনিষ্ঠ বান্ধবী আঁখি নাথের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন। তাঁদের বিয়েটি হয়েছিল একেবারে বাঙালি রীতিনীতি মেনেই। যদিও পরবর্তীকালে সেই দাম্পত্য সম্পর্ক স্থায়ী হয়নি।
সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ছড়িয়ে পড়েছে সিদ্ধার্থ ও আঁখির বিয়ের একটি ভিডিয়ো। সেখানে তাঁদের প্রেম থেকে বিয়ের সফরের নানা মুহূর্ত উঠে এসেছে। এমনকী সমুদ্রের ধারে সিনেমার কায়দায় প্রেম নিবেদনের দৃশ্যও দেখা গিয়েছে। ভাইরাল হওয়া বিয়ের ভিডিয়োয় নিজের বিয়ে নিয়ে মনের কথা ভাগ করে নিতে শোনা যায় আঁখিকে। তাঁর কথায়, বিয়ের সংজ্ঞা ঠিক কী, তা তিনি জানেন না। তবে তাঁর কাছে বিয়ে হল খুব কাছের বন্ধুর সঙ্গে আরও বেশি সময় কাটানোর স্বপ্নপূরণ। সেই বিশেষ মুহূর্তগুলো প্রিয় মানুষদের সঙ্গে ভাগ করে নেওয়ার আনন্দ।
গত পাঁচ বছরে একসঙ্গে অনেক লং ড্রাইভে গেলেও বিয়ের মুহূর্তটিকেই নিজের জীবনের সবচেয়ে উত্তেজনাপূর্ণ সফর বলে উল্লেখ করেছিলেন তিনি। জানা গিয়েছে, সিদ্ধার্থর প্রথম স্ত্রী আঁখি নাথের একটি নিজস্ব বুটিক রয়েছে। মূলত ব্রাইডাল কালেকশন নিয়েই কাজ করেন তিনি।
অন্যদিকে, মিমি চক্রবর্তীর সঙ্গে সিদ্ধার্থর পরিচয়ের সূত্রও সামনে এসেছে। জানা যাচ্ছে, সিদ্ধার্থর বোনের বান্ধবী মিমি। সেই সূত্র ধরেই দুজনের আলাপ এবং ধীরে ধীরে ঘনিষ্ঠতা। প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। দীর্ঘদিন নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রেখেছিলেন অভিনেত্রী। রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক ভাঙার পর কেটে গিয়েছে প্রায় এক দশক। এবার নতুন করে জীবনের পথে হাঁটতে শুরু করলেন মিমি।
জানা যাচ্ছে, আগামী ৫ ডিসেম্বর উত্তরবঙ্গে সামাজিক বিয়ের আসর বসতে চলেছে মিমি ও সিদ্ধার্থর। ৩ ডিসেম্বর থেকেই কালিম্পংয়ে শুরু হবে তাঁদের প্রাক্-বিবাহ অনুষ্ঠান। এরপর কলকাতায় ফিরে আগামী ১১ ডিসেম্বর টলিপাড়ার বন্ধু ও পরিচিতদের জন্য রিসেপশনের আয়োজন করবেন অভিনেত্রী।

বিয়ের খবর প্রকাশ্যে এলেও এখনও পর্যন্ত সিদ্ধার্থর মুখ প্রকাশ্যে আনতে চাননি মিমি। তবে সোশ্যাল মিডিয়ায় বাগদান ও আইনি বিয়ের কিছু মুহূর্ত ইতিমধ্যেই ভাগ করে নিয়েছেন তিনি। নতুন জীবনের শুরুতে মিমি ও সিদ্ধার্থকে ঘিরে অনুরাগীদের কৌতূহল এখন তুঙ্গে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019, I have also been writing about entertainment, lifestyle, and trending news.