বিগ বস বাংলার ঘরে সম্পর্কের সমীকরণ ক্রমশ জটিল হয়ে উঠছে জীতু কমল এবং সৃজলা গুহর মধ্যে। একদিকে সৃজলার প্রতি নিজের ভালোবাসার কথা বারবার প্রকাশ করছেন জীতু, অন্যদিকে বন্ধুত্বের সম্পর্কের বাইরে এখনই পা বাড়াতে নারাজ সৃজলা। আর এই মতের অমিল থেকেই দুজনের মধ্যে বারবার তৈরি হচ্ছে অশান্তি। এবার পরিস্থিতি এমন জায়গায় পৌঁছল যে, জীতুর কথায় রীতিমতো ভেঙে পড়লেন সৃজলা।
গত পর্বে বিগ বসের বাড়ির সদস্যদের সামনেই সৃজলাকে চিঠি লিখে নিজের মনের কথা জানিয়েছিলেন জীতু। প্রকাশ্যে তাঁর ভালোবাসার কথা স্বীকার করতেও পিছপা হননি তিনি। ক্যামেরার সামনেও সৃজলাকে ‘আই লাভ ইউ’ বলতে শোনা যায় তাঁকে। কিন্তু এত কিছুর পরেও জীতুর প্রস্তাবে সরাসরি সম্মতি জানাননি সৃজলা।
অন্যদিকে, নিরঞ্জনের সামনে কান্নায় ভেঙে পড়ে সৃজলা জানায়, জীতু তাঁকে পাগলের মতো ভালোবাসে। কিন্তু এই পরিস্থিতিতে সে কী করবে, তা বুঝে উঠতে পারছে না। ব্যক্তিগত জীবনের পুরনো সম্পর্ক থেকে বেরিয়ে এসে এখনই নতুন কোনও সম্পর্কে জড়াতে চাইছেন না তিনি। জীতুকে বন্ধু হিসেবে পছন্দ করলেও প্রেমের সম্পর্কে যাওয়ার জন্য এখনও প্রস্তুত নন সৃজলা।
এদিকে সৃজলার কাছ থেকে স্পষ্ট উত্তর না পেয়ে ক্রমশ ধৈর্য হারাচ্ছেন জীতু। তাঁর দাবি, সৃজলাকে এবার হ্যাঁ অথবা না, যে কোনও একটি উত্তর দিতেই হবে। কিন্তু সৃজলা ফের বন্ধুত্বের প্রসঙ্গ তুলতেই রেগে যান জীতু। উত্তেজিত হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘আজ থেকে তুমি আমার কাছাকাছি আসবে না, আমিও তোমার কাছাকাছি যাব না।’
বাড়ির অন্যান্য সদস্যদের সামনেই দুজনের মধ্যে এই কথোপকথন হয়। জীতুর মুখে এমন কথা শুনে মানসিকভাবে ভেঙে পড়েন সৃজলা। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, তিনি বিগ বসের কাছে বাড়ি ফিরে যাওয়ার আবেদন জানান। এই অনুষ্ঠানে আর থাকতে চাইছেন না বলেও জানান তিনি।
উল্লেখ্য, এর আগেও একাধিকবার জীতুর প্রতি নিজের নির্ভরতার কথা জানিয়েছেন সৃজলা। তাঁর কথায়, বিগ বসের বাড়িতে জীতুই তাঁর সবচেয়ে বড় ভরসা। জীতুকে তিনি নিজের সবচেয়ে ভালো বন্ধু বলেই মনে করেন। কিন্তু সেই বন্ধুত্বকে প্রেমের সম্পর্কে বদলাতে আপাতত রাজি নন তিনি। অন্যদিকে, আর অপেক্ষা করতে চাইছেন না জীতু।
ফাইনালের আগে জীতু ও সৃজলার সম্পর্কের এই টানাপোড়েন কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার। দুজনের ব্যক্তিগত সমীকরণের প্রভাব কি তাঁদের খেলাতেও পড়বে? নাকি শেষ পর্যন্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে আবার কাছাকাছি আসবেন তাঁরা? উত্তর মিলবে বিগ বস বাংলার আগামী পর্বগুলিতে। অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন স্টার জলসার পর্দায়, রাত ৯টা ৩০ মিনিটে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019, I have also been writing about entertainment, lifestyle, and trending news.
