বলিউডে দীর্ঘদিন ধরেই নায়ক-নায়িকাদের বয়স নিয়ে নানা ধরনের সমীকরণ দেখা গিয়েছে। পঞ্চাশ পেরনো নায়ককে যেমন পর্দায় অর্ধেক বয়সের নায়িকার সঙ্গে রোম্যান্স করতে দেখা যায়, তেমনই বয়সে ছোট অভিনেত্রীদেরও কখনও কখনও সেই নায়কের মায়ের চরিত্রে অভিনয় করতে হয়েছে। সলমন খানের ‘ভারত’ ছবিতে এমনই এক চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী সোনালী কুলকার্নিকে। সলমনের থেকে বয়সে ছোট হয়েও ছবিতে তাঁর মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।
তবে এমন চরিত্রে অভিনয় করা নিয়ে কোনও আক্ষেপ নেই সোনালীর। বরং তাঁর মতে, সময়ের সঙ্গে বলিউডের মানসিকতায় অনেকটাই পরিবর্তন এসেছে। বর্তমানে অভিনেতা-অভিনেত্রীদের বয়স, বিয়ে কিংবা সংসার তাঁদের কাজের পথে আর আগের মতো বাধা হয়ে দাঁড়ায় না। এক সাক্ষাৎকারে সোনালী বলেন, এখন আর আগের মতো অভিনেত্রীদের বিয়ের পর কেরিয়ার শেষ হয়ে যায় না। দর্শকরাই প্রমাণ করে দিয়েছেন যে, একজন অভিনেত্রীরও বিয়ে হতে পারে, সংসার থাকতে পারে, সন্তান থাকতে পারে এবং একইসঙ্গে তিনি নিজের অভিনয় প্রতিভাও তুলে ধরতে পারেন। তাঁর মতে, শুধুমাত্র চিরতরুণ ‘হিরো’ হয়ে থাকার মানসিকতা থেকে বেরিয়ে আসছে বলিউড।
এই প্রসঙ্গেই নিজের ‘দিল চাহতা হ্যায়’ ছবির সহ-অভিনেতা আমির খানের উদাহরণ টানেন সোনালী। ‘দঙ্গল’ ছবিতে আমিরের অভিনয় ও লুক দেখে তিনি যে মুগ্ধ, তা স্পষ্ট করে দেন অভিনেত্রী।
আমিরের প্রশংসা করতে গিয়ে সোনালী বলেন, আজও আমির খানের পোস্টার দেখে মেয়েরা পাগল হয়ে যান, এমনকী তাঁকে বিয়ে করার জন্যও অনেকে পাগল। সেই আমিরই যখন ‘দঙ্গল’-এ কোনও প্রস্থেটিক মেকআপ ছাড়াই কয়েকটি মেয়ের বয়স্ক বাবার চরিত্রে অভিনয় করেন, তখন সেটাকেই সোনালীর চোখে সত্যিকারের ‘হিরো’ হয়ে ওঠা বলে মনে হয়েছে। অভিনেত্রীর মতে, বয়সকে ভয় না পেয়ে নিজের ইমেজ ভেঙে এমন চরিত্রে অভিনয় করার সাহস দেখিয়েছেন আমির। শুধুমাত্র তরুণ দেখানোর প্রতিযোগিতায় না গিয়ে চরিত্রের প্রয়োজনে নিজেকে বদলে ফেলাই একজন সত্যিকারের তারকার পরিচয় বলে মনে করেন তিনি।

শুধু আমির নন, সইফ আলি খানেরও প্রশংসা করেছেন সোনালী। তাঁর মতে, সইফ যেন পুরনো ওয়াইনের মতো—বয়স যত বাড়ছে, অভিনয়ে ততই পরিণত ও ধারালো হয়ে উঠছেন। কমবয়সী দেখানোর দৌড়ে না গিয়ে বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং চ্যালেঞ্জিং চরিত্র বেছে নেওয়ার জন্যও সইফের প্রশংসা করেন অভিনেত্রী।
সোনালীর বক্তব্যে স্পষ্ট, বলিউডের নায়ক-নায়িকাদের ক্ষেত্রে বয়স নিয়ে তৈরি পুরনো ধারণা ধীরে ধীরে বদলাচ্ছে। আর আমির খান ও সইফ আলি খানের মতো তারকারা সেই পরিবর্তনের অন্যতম উদাহরণ বলেই মনে করেন তিনি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.