বৃন্দাবনের জনপ্রিয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব শ্রী অনিরুদ্ধ আচার্য মহারাজের জীবন এবার উঠে আসতে চলেছে রুপোলি পর্দায়। তাঁর বর্ণময় জীবন, আধ্যাত্মিক সাধনা এবং মানুষের সঙ্গে তাঁর গভীর সংযোগকে কেন্দ্র করে তৈরি হতে চলেছে একটি পূর্ণদৈর্ঘ্যের হিন্দি বায়োপিক। ছবিটি পরিচালনা করবেন বাঙালি পরিচালক শুভেন্দু ঘোষ।
জানা গিয়েছে, এই বিশেষ ছবির চিত্রনাট্য লেখার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। বর্তমানে প্রি-প্রোডাকশনের কাজ চলছে। অনিরুদ্ধ আচার্য মহারাজের শৈশব থেকে শুরু করে তাঁর আধ্যাত্মিক সাধনা, সামাজিক শিক্ষা, নিজস্ব চিন্তাভাবনা এবং দেশ-বিদেশের অসংখ্য মানুষের উপর তাঁর প্রভাব—জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায় ছবিতে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।
ছবিটি নিয়ে পরিচালক শুভেন্দু ঘোষ জানিয়েছেন, অনিরুদ্ধ আচার্য মহারাজের জীবন শুধুমাত্র একজন আধ্যাত্মিক ব্যক্তিত্বের ব্যক্তিগত কাহিনি নয়। তাঁর জীবনের সঙ্গে ভারতীয় আধ্যাত্মিকতা, বিশ্বাস, সংগ্রাম এবং সাধারণ মানুষের সঙ্গে তাঁর আন্তরিক সম্পর্কও গভীরভাবে জড়িয়ে রয়েছে। সেই আবেগ এবং জীবনযাত্রাকেই বড় পর্দায় তুলে ধরাই এই ছবির অন্যতম প্রধান লক্ষ্য।
এর আগে বিভিন্ন ভারতীয় ভাষায় চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন শুভেন্দু ঘোষ। এবার তাঁর পরিচালনায় তৈরি হতে চলেছে এই হিন্দি বায়োপিক। ছবির কাস্টিং, লোকেশন রেইকি এবং অন্যান্য কারিগরি প্রস্তুতির কাজ বর্তমানে এগিয়ে চলেছে।
পরিচালকের পরিকল্পনা অনুযায়ী, সবকিছু ঠিকঠাক এগোলে ২০২৬ সালের নভেম্বরের শেষদিকে ছবির শুটিং শুরু হতে পারে। যদিও ছবির অভিনেতা-অভিনেত্রীদের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।
অনিরুদ্ধ আচার্য মহারাজের বিপুল জনপ্রিয়তার কারণে ছবিটি ঘোষণার পর থেকেই তা নিয়ে বিনোদন জগতে কৌতূহল তৈরি হয়েছে। তাঁর জীবনের নানা অধ্যায় বড় পর্দায় কীভাবে তুলে ধরা হয়, এখন সেদিকেই নজর ভক্ত এবং সিনেমাপ্রেমীদের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.