দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর রবিবার, ২০ সেপ্টেম্বর মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে প্রয়াত হয়েছেন সাতের দশকের জনপ্রিয় অভিনেত্রী মিঠু মুখোপাধ্যায়। ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’, ‘আশ্রিতা’-র মতো ছবিতে তাঁর অভিনয় আজও দর্শকের মনে অমলিন। অভিনেত্রীর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়।
মিঠুর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী রত্না ঘোষাল। দীর্ঘদিন দেখা না হলেও মিঠুর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ ও মধুর। এক সংবাদ মধ্যেমকে দেওয়া সাক্ষাৎকারে পুরনো দিনের স্মৃতি হাতড়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রত্না।
রত্না জানান, মিঠু ছিলেন অত্যন্ত হাসিখুশি এবং বড় মনের মানুষ। একসঙ্গে ‘মৌচাক’, ‘স্বয়ংসিদ্ধা’ এবং ‘আশ্রিতা’-র মতো ছবিতে কাজ করেছিলেন তাঁরা। বহু বছর আগে কালীপুজোর সময় মিঠুর বাড়িতেও গিয়েছিলেন তিনি।
মিঠুর আচমকা অভিনয় জগত থেকে সরে যাওয়া নিয়েও স্মৃতিচারণ করেন রত্না। তাঁর কথায়, কলকাতা ছেড়ে মুম্বই যাওয়ার আগে মিঠু প্রায়ই বলতেন, তিনি আবার কলকাতায় ফিরে বড় কোনও ছবি করবেন। এমনকী সেই ছবিতে রত্নাকেও নেওয়ার কথা জানিয়েছিলেন অভিনেত্রী।
মিঠুর প্রযোজিত ও অভিনীত ‘আশ্রিতা’ ছবিতেও রত্না ঘোষাল অভিনয় করেছিলেন। ছবির ডাবিং শেষ হওয়ার পরও মিঠু তাঁকে একই কথা বলেছিলেন—মুম্বই থেকে ফিরে এসে আবার বড় কাজ শুরু করবেন। কিন্তু শেষ পর্যন্ত আর কলকাতায় ফেরা হয়নি তাঁর।
রত্না জানান, মুম্বই যাওয়ার পর ধীরে ধীরে মিঠুর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফোন করেও তাঁকে আর পাওয়া যেত না। টলিপাড়ার অনেকেই জানতেন যে মিঠু মুম্বইয়ে রয়েছেন, কিন্তু তিনি ঠিক কোথায় বা কেমন অবস্থায় আছেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য কারও কাছে ছিল না।
মিঠুর প্রয়াণের খবর শুনে তাই এখনও যেন বিশ্বাস করতে পারছেন না রত্না। তাঁর স্মৃতিতে মিঠু শুধু একজন সহ-অভিনেত্রী নন, ছিলেন অত্যন্ত ভালো মনের একজন মানুষ। রুপোলি পর্দা থেকে বহু বছর দূরে থাকলেও তাঁর অভিনয় এবং ব্যক্তিত্বের স্মৃতি আজও সহকর্মী ও দর্শকদের মনে জীবন্ত।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.