রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ নিয়ে যখন দর্শকমহলে জোর চর্চা, ঠিক তখনই ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’ ছবিকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। ছবিতে সীতার চরিত্রে অভিনয় করছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঞ্জলি অরোরা। ‘কাঁচাবাদাম’ গানে রিল বানিয়ে জনপ্রিয় হওয়া অঞ্জলিকে সীতার ভূমিকায় দেখেই নেটপাড়ার একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি ছবিটি বয়কট এবং অঞ্জলি ও নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়েরের দাবিও উঠেছে।
মঙ্গলবার প্রকাশ্যে এসেছে ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’র প্রায় ৯০ সেকেন্ডের ঝলক। সেখানে রাম-সীতার বিয়ে, বনবাস, তাঁদের সম্পর্কের বিভিন্ন মুহূর্ত, সীতাহরণ এবং রামসেতু তৈরির মতো রামায়ণের একাধিক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ঝলক দেখা গিয়েছে। ছবিতে রামের চরিত্রে রয়েছেন দেব শর্মা। তবে টিজার প্রকাশের পর রামের চরিত্রের তুলনায় সীতা চরিত্রে অঞ্জলি অরোরাকে নিয়েই বেশি আলোচনা শুরু হয়েছে।
নেটপাড়ার একাংশের প্রশ্ন, একজন বিতর্কিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে কেন সীতার মতো গুরুত্বপূর্ণ চরিত্রে বেছে নেওয়া হল? কেউ ছবিটিকে ‘তিন ঘণ্টার ইনস্টাগ্রাম রিল’ বলে কটাক্ষ করেছেন। আবার কেউ দাবি করেছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে ছবিটি নিষিদ্ধ করা হোক। ‘হিন্দুরা কেন এত সহনশীল?’— এমন প্রশ্নও দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মন্তব্যে। অঞ্জলি অরোরাকে ঘিরে বিতর্ক অবশ্য নতুন নয়। ‘কাঁচাবাদাম’ গানে রিল করে জনপ্রিয়তা পাওয়ার পর কঙ্গনা রানাউতের ‘লক আপ’-এর প্রথম সিজনে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে নিজের ব্যক্তিগত জীবনের কিছু অভিজ্ঞতা নিয়ে কথা বলার পর তাঁকে নিয়ে বিতর্ক তৈরি হয়।
শো-তে অঞ্জলি রাশিয়ায় থাকাকালীন এক হোটেলকর্মীর সঙ্গে সময় কাটানোর একটি ঘটনা বর্ণনা করেছিলেন। তাঁর বক্তব্য অনুযায়ী, সেই সময় তিনি সিঙ্গল ছিলেন এবং এক হোটেল রিসেপশনিস্টের সঙ্গে পার্টি করেছিলেন। এই মন্তব্যকে ঘিরে পরবর্তী সময়ে নানা জল্পনা তৈরি হয়। পাশাপাশি, অঞ্জলিকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরও বিতর্ক তৈরি হয়েছিল। যদিও সেই ভিডিওতে থাকা ব্যক্তি অঞ্জলি কি না, তা নিয়ে নিশ্চিত প্রমাণ ছিল না।
অতীতের সেই বিতর্কগুলিই এবার নতুন করে সামনে এসেছে অঞ্জলিকে সীতার চরিত্রে দেখার পর। নেটিজেনদের একাংশ মনে করছেন, রামায়ণের মতো ধর্মীয় ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য অভিনেতা-অভিনেত্রী বাছাইয়ে আরও সতর্ক হওয়া উচিত। অন্যদিকে, অঞ্জলির সমর্থকদের বক্তব্য, কোনও শিল্পীর ব্যক্তিগত জীবন বা অতীতের বিতর্ককে তাঁর অভিনয়ের যোগ্যতার সঙ্গে এক করে দেখা ঠিক নয়। এদিকে কেউ কেউ ‘আদিপুরুষ’-এর প্রসঙ্গ টেনে ছবিটি নিয়ে রসিকতাও করেছেন। আবার ‘রামায়ণ’-এ রণবীর কাপুর ও সাই পল্লবীর লুক নিয়ে অতীতে যে বিতর্ক হয়েছিল, তার সঙ্গেও বর্তমান পরিস্থিতির তুলনা টানা হচ্ছে।
সব মিলিয়ে, মুক্তির আগেই বিতর্কের কেন্দ্রে ‘মহাকাব্য শ্রী রামায়ণ কথা’। আগামী ২৬ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। তবে টিজার প্রকাশের পর যে ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে, তাতে মুক্তির আগে ছবিটিকে ঘিরে বিতর্ক আরও কতটা বাড়ে, এখন সেটাই দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.