রাজ্যে নতুন সরকার গঠনের পর বহুল আলোচিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari। সোমবার নবান্নে দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি জানান, আগামী ১ জুন থেকেই এই প্রকল্প চালু করার পরিকল্পনা রয়েছে। প্রকল্প কার্যকর হলে রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে পাঠানো হবে।
নির্বাচনের আগে বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে আরও বেশি আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতির ভিত্তিতেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের কথা সামনে আসে। আগে তৃণমূল সরকারের আমলে চালু থাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ মহিলারা মাসে ১৫০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলারা ১৭০০ টাকা করে পেতেন। বিজেপি নির্বাচনী প্রচারে এই আর্থিক অনুদান দ্বিগুণ করার আশ্বাস দিয়েছিল।
সূত্রের খবর, নবান্নে বৈঠক চলাকালীন এক বিধায়ক মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন, কবে থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা মিলবে। তার জবাবেই শুভেন্দু অধিকারী জানান, সরকার ১ জুন থেকেই প্রকল্পটি চালু করার লক্ষ্যে এগোচ্ছে। যদিও এখনও পর্যন্ত সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
এছাড়াও প্রকল্পে আবেদন প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। নতুন করে ফর্ম পূরণ করতে হবে কি না, নাকি পুরনো তথ্যের ভিত্তিতেই সুবিধা দেওয়া হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট নির্দেশিকা প্রকাশ হয়নি। ফলে সরকারি ঘোষণা প্রকাশের অপেক্ষায় রয়েছেন বহু মহিলা।
সোমবারের মন্ত্রিসভার বৈঠকেও অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। তবে পরে দলের বিধায়কদের সঙ্গে বৈঠকে এই প্রকল্পের প্রসঙ্গ সামনে আসায় বিষয়টি নিয়ে জল্পনা আরও বেড়েছে।
রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা বাড়ানোর লক্ষ্যেই এই প্রকল্প চালু হতে চলেছে বলে রাজনৈতিক মহলের ধারণা। এখন নজর রয়েছে সরকারের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ও প্রকল্পের বিস্তারিত নিয়মাবলীর দিকে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.