Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা চলতি মাসে এখনও অনেক উপভোক্তার অ্যাকাউন্টে না পৌঁছানোয় নানা জল্পনা তৈরি হয়েছে। সেই বিভ্রান্তি দূর করতে বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) জানান, আগামী ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করবে।
মুখ্যমন্ত্রী জানান, ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন, তাঁদের স্ক্রুটিনি সম্পন্ন হওয়ার পর ১৭ আগস্ট থেকেই টাকা পাঠানো হবে। পাশাপাশি তিনি ঘোষণা করেন, সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অনুদানের অর্থ পৌঁছে যাবে।
মুখ্যমন্ত্রী জানান, আগামী ১০ আগস্ট নারী ও শিশুকল্যাণ দপ্তরের মন্ত্রী মালতী রাভা রায়কে সঙ্গে নিয়ে একটি সাংবাদিক বৈঠক করবেন। সেখানে আবেদনপত্রের স্ক্রুটিনি, যোগ্যতার মানদণ্ড এবং প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।
মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, নতুন কোনও সরকারি প্রকল্প চালু করতে এবং তা কার্যকরভাবে বাস্তবায়ন করতে কিছুটা সময় লাগে। বর্তমানে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্র যাচাই বা স্ক্রুটিনির কাজ চলছে এবং খুব শীঘ্রই সমস্ত আবেদন যাচাইয়ের কাজ শেষ হবে।
মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার শর্ত পূরণ করা প্রত্যেক যোগ্য মহিলা প্রতি মাসে ৩ হাজার টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট সময়সূচি মেনে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহেই এই অর্থ প্রদান করা হবে।
সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী পূর্বতন তৃণমূল সরকারের আমলের তথ্যও তুলে ধরেন। তাঁর দাবি, সে সময় প্রাপকের সংখ্যায় একাধিক গরমিল ছিল। তিনি জানান—
২০২১ সালের সেপ্টেম্বরে প্রায় ১ কোটি ৫২ লক্ষ ৬২ হাজার ৫৮৮ জন ৫০০ টাকা করে পেয়েছিলেন। ২০২২ সালের এপ্রিলে ফেব্রুয়ারি ও মার্চ—দুই মাসের টাকা একসঙ্গে দেওয়া হয়, যেখানে ২১ লক্ষ ৮৪ হাজার ৬৩১ জন উপভোক্তা অর্থ পান। একই বছরের জুলাই মাসে মাত্র ৩ লক্ষ ৭৭ হাজার ৮৮২ জন টাকা পেয়েছিলেন।
বিভ্রান্তি ছড়ালে আইনি ব্যবস্থা
অন্নপূর্ণা যোজনা নিয়ে কেউ ভুয়ো তথ্য বা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রকল্প সংক্রান্ত সমস্ত তথ্য সরকারিভাবেই জানানো হবে এবং ১০ আগস্টের সাংবাদিক বৈঠকে আরও বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হবে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.