‘বিগ বস বাংলা’-র ঘরে শুরু থেকেই একের পর এক ঘটনা ঘিরে তৈরি হচ্ছে উত্তেজনা। কখনও প্রতিযোগীদের মন্তব্য, কখনও আবার তাঁদের আচরণ—সব মিলিয়ে জমে উঠেছে রিয়্যালিটি শো। এবার আলোচনার কেন্দ্রে জীতু কামাল, অ্যালেক্সজান্দ্রা এবং রাজবীর দে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ক্লিপে দেখা যায়, জীতু কামাল, অ্যালেক্সজান্দ্রা, সোহিনী, ঝিলম ও সায়ক একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন। সেই সময় বিদেশি প্রতিযোগী অ্যালেক্স ভাঙা ভাঙা বাংলায় নিজের মতামত প্রকাশ করার চেষ্টা করছিলেন। কিন্তু তাঁর কথা শুনে মজার ছলে জীতু তাঁকে থামিয়ে দেন। অভিনেতাকে বলতে শোনা যায়, “তুই চুপ কর! তোর বাংলা আমাকে আবার বাংলাতেই ট্রান্সলেট করতে হচ্ছে।”
আড্ডার মাঝে মজার ছলেই কথাটি বলা হলেও ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে আলোচনা। একাংশের দাবি, বিদেশিনী হয়েও অ্যালেক্স বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করছেন। তাই তাঁর ভাষাগত ভুল নিয়ে এমন রসিকতা করা উচিত হয়নি। আবার অন্য একটি অংশের মতে, পুরো ঘটনাটিই ছিল বন্ধুত্বপূর্ণ আড্ডার অংশ এবং জীতুর মন্তব্যকে গুরুতরভাবে দেখার প্রয়োজন নেই।
এদিকে অ্যালেক্স-জীতু বিতর্কের পাশাপাশি ‘বিগ বস’-এর ঘরে আরও একটি ঘটনা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এবার আলোচনায় রাজবীর দে-র ‘দুধ-কাণ্ড’।
ভাইরাল ক্লিপ অনুযায়ী, অভিযোগ উঠেছে সকালবেলা রাজবীর একের পর এক দুধের প্যাকেট খালি করে ফেলছেন। বিষয়টি নিয়ে আপত্তি জানান প্রবীণ সদস্য ভরত কল। তিনি বিষয়টি বাড়ির ক্যাপ্টেন সোনামণির নজরে আনেন।
অভিযোগ শুনে রাজবীর প্রশ্ন তোলেন, তিনি দুধ খেলেই বা এত সমস্যা কোথায়? এরপর বিষয়টি নিয়ে তনুশ্রী রায় দাসের সঙ্গেও তাঁর কথাকাটাকাটি হয়। তনুশ্রীর বক্তব্য, কারও দুধ খাওয়া নিয়ে সমস্যা নেই; বরং প্রতিদিন সকালে এভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠাই আসল সমস্যা।
সব মিলিয়ে ‘বিগ বস বাংলা’-র ঘরে একদিকে অ্যালেক্সের বাংলা বলা নিয়ে জীতুর মন্তব্য, অন্যদিকে রাজবীরের দুধ খাওয়া ঘিরে ঝামেলা—দুই ঘটনাতেই চর্চার কেন্দ্রে প্রতিযোগীরা। আগামী দিনে এই ঘটনাগুলির জল কতদূর গড়ায়, এখন সেটাই দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.