‘বিগ বস বাংলা’র অন্দরমহলে প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘিরে তৈরি হচ্ছে বিতর্ক। কখনও প্রতিযোগীদের মধ্যে বচসা, কখনও আবার ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে পরিবেশ। এবার ফের সমালোচনার মুখে অভিনেতা জীতু কমল। মনামী ঘোষের দিকে বল ছোড়ার ঘটনা নিয়ে বিতর্কের রেশ কাটতে না কাটতেই, দুর্নিবার সাহার সঙ্গে সংঘাতে জড়িয়ে নতুন করে চর্চায় উঠে এলেন তিনি।
সম্প্রতি ক্যাপ্টেন হয়েছেন দুর্নিবার। আর তারপর থেকেই তাঁর সঙ্গে জীতুর সম্পর্ক আরও তিক্ত হয়েছে বলে মনে করছেন সহ-প্রতিযোগীদের একাংশ। ক্যাপ্টেন্সি টাস্ক শেষ হওয়ার পরেই দুর্নিবারকে নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেন জীতু। তাঁর দাবি, ক্যাপ্টেন রুমে দুর্নিবার একাই ঘুমোবেন। সেখানে নিরঞ্জন মণ্ডলকে কোনওভাবেই ঘুমোতে দেওয়া যাবে না। এমনকী, তাঁর কথা না শুনলে ক্যাপ্টেনের বিছানায় জল ঢেলে দেওয়ার হুঁশিয়ারিও দেন জীতু।
জীতুর যুক্তি, ক্যাপ্টেন হওয়ার সুবাদে ওই ঘরে থাকার অধিকার একমাত্র দুর্নিবারেরই। কিন্তু তাঁর আপত্তি সত্ত্বেও দুর্নিবার এবং নিরঞ্জন দু’জনেই ক্যাপ্টেনের বিছানায় শুয়ে পড়েন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। জীতু নিজের হুঁশিয়ারি মতো এক বালতি জল এনে বিছানায় ঢেলে দেন। তাঁর এই আচরণে ক্ষোভে ফেটে পড়েন বাড়ির অন্য প্রতিযোগীরা। ভরত, মনামী এবং নন্দিনী-সহ একাধিক প্রতিযোগী প্রকাশ্যেই জীতুর কাজের বিরোধিতা করেন। প্রতিবাদ জানান রাজবীরও। তাঁর মতে, জীতুর এই আচরণ মোটেই সমর্থনযোগ্য নয়।
ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে জোর আলোচনা। নেটিজেনদের একাংশের অভিযোগ, মনামী এবং দুর্নিবারকে বারবার নিশানা করছেন জীতু। কেউ কেউ তাঁর আচরণকে হিংসার বহিঃপ্রকাশ বলে মনে করছেন। আবার কয়েকজন কটাক্ষ করে তাঁকে ‘ভণ্ড শিবভক্ত’ বলেও আক্রমণ করেছেন। এমনকী, তাঁর আচরণ নিয়ে আরও কড়া মন্তব্যও উঠে এসেছে নেটপাড়ায়। তবে এত সমালোচনার পরেও নিজের অবস্থান থেকে সরতে নারাজ জীতু। বিছানায় জল ঢালার ঘটনায় তাঁর কোনও অনুশোচনা নেই বলেই জানা যাচ্ছে। তাঁর দাবি, নিয়ম ভাঙা হলে ভবিষ্যতেও তিনি একই ধরনের পদক্ষেপ করবেন।

চোখ বাঁধা গোলকধাঁধার টাস্কে কেন বাতিল
হলেন রাজবীর?
তবে এই ঘটনায় উঠছে অন্য প্রশ্নও। এর আগে নিরঞ্জন যখন ক্যাপ্টেন ছিলেন, তখন ঝিলম এবং দুর্নিবার-সহ অন্যদের একই বিছানায় ঘুমোতে দেখা গিয়েছিল। সেই সময় জীতুকে একইভাবে প্রতিবাদ করতে দেখা যায়নি। ফলে অনেকেরই ধারণা, নিয়মের প্রশ্নের আড়ালে দুর্নিবারের সঙ্গে ব্যক্তিগত বিরোধই জীতুর এই আচরণের অন্যতম কারণ হতে পারে।

সব মিলিয়ে, ‘বিগ বস বাংলা’র অন্দরমহলে জীতু ও দুর্নিবারের দ্বন্দ্ব যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে, তা বলাই যায়। আগামী দিনে এই সংঘাত আরও কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর দর্শকদের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.