বিগ বস বাংলার ঘিরে দর্শকদের উত্তেজনা ক্রমশ বাড়ছে। কখনও প্রতিযোগীদের মধ্যে তুমুল বিবাদ, কখনও আবার আচমকা বিদায়ের ঘটনা— সব মিলিয়ে জমে উঠেছে রিয়্যালিটি শোয়ের খেলা। শারীরিক অসুস্থতার কারণে মাঝপথেই বিগ বসের ঘর ছাড়তে হয়েছে ঝিলম গুপ্তকে। অন্যদিকে, রবিবার ‘দাদার দরবার’-এ বিদায় নিয়েছেন অনুষ্কা ঘোষ। মাত্র দু’সপ্তাহের মধ্যেই শেষ হয়েছে তাঁর বিগ বস সফর। বর্তমানে ঘরের ক্যাপ্টেনের দায়িত্বে রয়েছেন নিরঞ্জন। এরই মধ্যে নতুন এক জল্পনা ঘিরে শোরগোল শুরু হয়েছে। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহেই বিগ বস বাংলায় ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিতে পারেন জনপ্রিয় অভিনেতা সৌরভ দাস!
বিনোদন জগতে কান পাতলেই এখন শোনা যাচ্ছে সৌরভ দাসের নাম। ‘মন্টু পাইলট’ খ্যাত এই অভিনেতাকে নাকি এবার দেখা যেতে পারে বিগ বস বাংলার ঘরে। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি, তবে তাঁর সম্ভাব্য প্রবেশ নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
বিগ বস বাংলা শুরু হওয়ার আগে থেকেই সৌরভের নাম নিয়ে জল্পনা চলছিল। শোনা গিয়েছিল, প্রথম থেকেই এই রিয়্যালিটি শোয়ে অংশ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই সময় মায়ের আচমকা শারীরিক অসুস্থতার কারণে শোয়ে আসা সম্ভব হয়নি বলে খবর ছড়িয়েছিল। পরিবর্তে বিগ বসের ঘরে প্রবেশ করেন অনুষ্কা ঘোষ। এবার অনুষ্কার বিদায়ের পরেই ফের সামনে এসেছে সৌরভের নাম।
অভিনয়ের জগতে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন সৌরভ দাস। ছোট পর্দা থেকে ওটিটি— বিভিন্ন মাধ্যমে তাঁর অভিনয় দর্শকদের নজর কেড়েছে। সম্প্রতি ‘রাঁধুনি না কাঁদুনি’ শোতেও দেখা গিয়েছে তাঁকে। ফলে বিগ বস বাংলার মতো জনপ্রিয় রিয়্যালিটি শোয়ে তাঁর প্রবেশের সম্ভাবনা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে অনুরাগীদের মধ্যে। সৌরভ যদি সত্যিই ওয়াইল্ড কার্ড প্রতিযোগী হিসেবে বিগ বসের ঘরে প্রবেশ করেন, তাহলে ঘরের বর্তমান সমীকরণে বড়সড় পরিবর্তন আসতে পারে। তিনি স্পষ্টবক্তা হিসেবেও পরিচিত। তাই প্রতিযোগীদের সঙ্গে তাঁর সম্পর্ক কেমন হবে, কার সঙ্গে বন্ধুত্ব তৈরি হবে এবং কার সঙ্গে বিবাদে জড়াবেন, তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।

বিগ বস বাংলায় একের পর এক পরিবর্তনের মধ্যে নতুন ওয়াইল্ড কার্ড এন্ট্রির সম্ভাবনা নিঃসন্দেহে দর্শকদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ঝিলমের অসুস্থতার কারণে বিদায় এবং অনুষ্কার এলিমিনেশনের পর এবার কি নতুন প্রতিযোগী হিসেবে দেখা যাবে সৌরভ দাসকে?
যদিও এই মুহূর্তে বিষয়টি জল্পনার স্তরেই রয়েছে, তাই সৌরভের প্রবেশ নিশ্চিত করে বলা যাচ্ছে না। সত্যিই কি চলতি সপ্তাহে বিগ বসের ঘরে পা রাখবেন তিনি, নাকি শেষ মুহূর্তে বদলে যাবে সমীকরণ? সেই উত্তর পেতে আপাতত অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.