‘বিরক্তিকর, অমানবিক, লজ্জাজনক’, সৃজলার আহত হওয়ার পর শনের পোস্টে তোলপাড়

‘বিগ বস বাংলা’-র ঘরে ক্যাপ্টেনসি টাস্ক ঘিরে উত্তেজনা চরমে। টাস্ক চলাকালীন প্রতিযোগী নন্দিনীর ধাক্কায় ঘোড়া থেকে পড়ে আহত হয়েছেন অভিনেত্রী সৃজলা গুহ। ঘটনার পরই সৃজলাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সহ-প্রতিযোগীরা। এবার সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা শেয়ার করে নেটিজেনদের নজরে এসেছেন অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ও।

ঘটনার সূত্রপাত ক্যাপ্টেনসি টাস্ককে কেন্দ্র করে। মিউজিক্যাল চেয়ার পর্বের পর চূড়ান্ত পর্যায়ে পৌঁছন তনুশ্রী, সৃজলা, মনামী, জীতু ও রাজবীর। এরপর তাঁদের নকল ঘোড়ায় বসে টিকে থাকার টাস্ক দেওয়া হয়। নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষকে কৌশলে ঘোড়া থেকে নামাতে হবে, তবে শারীরিক আঘাত করা যাবে না।

টাস্ক চলাকালীন প্রথমে রাজবীরকে ঘোড়া থেকে নামিয়ে দেন নন্দিনী। এরপর তাঁর নজর পড়ে সৃজলার দিকে। জানা যায়, কিছুক্ষণ আগেই সৃজলা নন্দিনীকে আশ্বস্ত করেছিলেন যে তিনি ক্যাপ্টেন হলে নিরপেক্ষ থাকবেন। তবে টাস্কের সময় সেই কথার তোয়াক্কা না করেই সৃজলাকে ঘোড়া থেকে নামানোর চেষ্টা করেন নন্দিনী।

প্রথম ধাক্কায় সৃজলা নিজেকে সামলে নিলেও পরের ধাক্কায় ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান তিনি। পড়ে গিয়ে ব্যথায় কেঁদে ফেলেন অভিনেত্রী। পরিস্থিতি বুঝে টাস্ক থামিয়ে দেন বিগ বস এবং সৃজলাকে বিশ্রাম নিতে বলা হয়। পরে রাজবীর তাঁকে কোলে করে নিরাপদ জায়গায় নিয়ে যান। এই ঘটনার পর নন্দিনীর ভূমিকা নিয়ে ঘরের অন্দরেই সমালোচনা শুরু হয়েছে। অন্যদিকে, ঘটনার রেশ ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও।

20260923 201030

সৃজলার সঙ্গে দীর্ঘদিনের অনস্ক্রিন সম্পর্কের জন্য পরিচিত অভিনেতা শন বন্দ্যোপাধ্যায় ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ক্ষুব্ধ বার্তা শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, “বিরক্তিকর, অমানবিক এবং লজ্জাজনক। এটা একেবারেই উচিত নয়। এই কর্মের ফল দ্রুত মিলবে!”

শন অবশ্য তাঁর পোস্টে কারও নাম উল্লেখ করেননি। ফলে তিনি ঠিক কোন ঘটনাকে ইঙ্গিত করে এই বার্তা দিয়েছেন, তা স্পষ্ট নয়। তবে সৃজলা আহত হওয়ার ঘটনার পর তাঁর এই পোস্ট ঘিরে নেটিজেনদের একাংশের মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মন ফাগুন’-এ পিহু ও ঋষির চরিত্রে একসঙ্গে অভিনয় করেছিলেন শন বন্দ্যোপাধ্যায় ও সৃজলা গুহ। তাঁদের অনস্ক্রিন জুটি দর্শকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। সেই পুরনো সমীকরণের কারণেই শনের সাম্প্রতিক পোস্টকে সৃজলার ঘটনার সঙ্গে মিলিয়ে দেখছেন অনুরাগীদের একাংশ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক