বিগ বস বাংলার ঘরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ক্যাপ্টেনসি টাস্কে সৃজলা গুহ আহত হওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে এসেছে রাজবীর দে ও নন্দিনী দত্তের সম্পর্কের টানাপোড়েন। টাস্কের পর তাঁদের কথোপকথন ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।
টাস্ক শেষ হওয়ার পর বাথরুম এরিয়ায় চলে যান রাজবীর। কিছুক্ষণ পর তাঁর কাছে যান নন্দিনী। কিন্তু নন্দিনীকে দেখেই রাজবীর স্পষ্ট জানিয়ে দেন, “ইটস ওভার!” রাজবীরের এমন কথা শুনে কান্নায় ভেঙে পড়েন নন্দিনী। তাঁর হাত ধরে অনুরোধ করতে থাকেন, এমন কথা না বলতে। কিন্তু রাজবীর নিজের অবস্থানে অনড় ছিলেন। তিনি জানান, নন্দিনী তাঁর মন ভেঙেছেন।
তবে সৃজলার সঙ্গে টাস্কের সময়কার ঘটনা নিয়েই রাজবীরের মূল ক্ষোভ নয় বলে জানান তিনি। নন্দিনী তাঁকেও ঘোড়া থেকে নামিয়ে দিয়েছিলেন, কিন্তু সেটিকে বড় বিষয় হিসেবে দেখছেন না রাজবীর। তাঁর অভিযোগ, নন্দিনী তাঁকে ভুল তথ্য দিয়ে প্রভাবিত করার চেষ্টা করেছেন।
রাজবীরের দাবি, নন্দিনী তাঁকে বলেছিলেন, জীতু কামাল নাকি তাঁকে কোনওভাবেই জিততে দিতে চান না। কিন্তু পরে সেই বক্তব্য নিয়ে প্রশ্ন ওঠে। নন্দিনী জানান, এই কথা তিনি মনামীর কাছ থেকে শুনেছিলেন। অন্যদিকে রাজবীরের বক্তব্য, মনামী স্পষ্ট করে দিয়েছেন যে জীতু এমন কোনও কথা বলেননি। জীতু বরং জানিয়েছিলেন, তিনি নিজের মতো করে খেলছেন।
এই ঘটনাতেই নন্দিনীর ওপর আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন রাজবীর। তাঁর অভিযোগ, বানানো তথ্য দিয়ে তাঁকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছিল। অন্যদিকে নন্দিনী নিজের অবস্থান ব্যাখ্যা করার চেষ্টা করলেও রাজবীর তাতে সন্তুষ্ট হননি।
ফলে এতদিন বিগ বসের ঘরে রাজবীর ও নন্দিনীর মধ্যে যে ঘনিষ্ঠতার ছবি দেখা যাচ্ছিল, সেখানে আপাতত বড়সড় ফাটল দেখা দিয়েছে। তাঁদের সম্পর্ক সত্যিই শেষ হয়ে গেল, নাকি সাময়িক অভিমান ও ভুল বোঝাবুঝির কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
এরই মধ্যে ক্যাপ্টেনসি টাস্কে সৃজলা গুহকে আঘাত করার ঘটনা নিয়েও নন্দিনীকে ঘিরে বিতর্ক তুঙ্গে। ঘরের একাধিক প্রতিযোগী তাঁর আচরণের সমালোচনা করেছেন। সোহিনী ও ঝিলমের মতো প্রতিযোগীরা নন্দিনীর আচরণ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন।
নন্দিনীর আচরণের জন্য বিগ বস কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেন কি না, এখন সেদিকেই নজর দর্শকদের। পাশাপাশি, নিয়ম ভাঙার অভিযোগে নন্দিনীকে ঘর থেকে বের করে দেওয়ার দাবিও উঠছে বলে জানা যাচ্ছে। ফলে আগামী পর্বে নন্দিনীকে ঘিরে বিগ বসের সিদ্ধান্ত এবং রাজবীর-নন্দিনীর সম্পর্ক কোন দিকে যায়, সেটাই এখন দেখার।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.