টেলিভিশন পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন অভিনেতা রণজয় বিষ্ণু। তবে ব্যক্তিজীবন নিয়ে বেশ কিছুদিন ধরেই নানা জল্পনা ও চর্চার মধ্যে রয়েছেন তিনি। সম্পর্কের টানাপোড়েন থেকে বিচ্ছেদের গুঞ্জন—বিভিন্ন কারণে বারবার সংবাদ শিরোনামে এসেছে তাঁর নাম। এর মাঝেই সমাজমাধ্যমে তাঁর একটি পোস্ট নতুন করে কৌতূহল তৈরি করেছে।
সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন রণজয়। ছবিতে দেখা যাচ্ছে, সাদা শার্ট পরে খোলা আকাশের নিচে বাগানে বসে বই পড়ছেন অভিনেতা। তাঁর হাতে থাকা বইটির নাম ‘দ্য আর্ট অফ ডিটাচমেন্ট’, যার অর্থ দাঁড়ায় ‘মোহমুক্ত হওয়ার শিল্প’। তবে বইয়ের নামের পাশাপাশি ছবির সঙ্গে লেখা রণজয়ের দীর্ঘ বার্তাই নজর কেড়েছে নেটিজেনদের।
পোস্টে অভিনেতা লেখেন, একদিন কোনও বইয়ের পাতা উল্টাতে গিয়ে তাঁর লেখা গল্পে কারও চোখ আটকে যেতে পারে। সেই মুহূর্তে পুরনো স্মৃতি মনে পড়ে যেতে পারে, মনে হতে পারে শেষবারের মতো দেখা করে সব কথা বলে নেওয়া যেত। কিন্তু তখন হয়তো অনেকটাই দেরি হয়ে যাবে। সময় পেরিয়ে যাবে এবং তিনি হারিয়ে যাবেন পুরনো কোনও স্মৃতিতে। শেষ পর্যন্ত রণজয় লেখেন, ‘আপাতত আমার গল্পের ইতি এখানেই।’
রণজয়ের এই আবেগঘন বার্তা ঘিরেই শুরু হয়েছে নানা জল্পনা। যদিও পোস্টে তিনি কারও নাম উল্লেখ করেননি, তবুও তাঁর লেখা থেকে ব্যক্তিগত জীবনের কোনও অভিজ্ঞতার ইঙ্গিত মিলছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে অনুরাগীদের একাংশের মধ্যে।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারিতে অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন রণজয়। তবে বিয়ের কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে টানাপোড়েনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। পাশাপাশি ইন্ডাস্ট্রির অন্য এক অভিনেত্রীর সঙ্গে রণজয়ের ঘনিষ্ঠতা নিয়েও টেলিপাড়ায় আলোচনা শুরু হয়।
তবে সম্পর্কের টানাপোড়েন কিংবা নতুন কোনও সম্পর্কের জল্পনা—কোনও বিষয়েই এখনও প্রকাশ্যে মুখ খোলেননি রণজয় বা শ্যামৌপ্তি। ফলে অভিনেতার সাম্প্রতিক পোস্টের নেপথ্যে ঠিক কী রয়েছে, তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.