বিদেশের ঝকঝকে জীবন ছেড়ে বিহারের গ্রামে ঘরকন্না করছেন এক মার্কিন তরুণী। সিঁথিভর্তি সিঁদুর, হাতে কাচের চুড়ি, কখনও শাড়ি আবার কখনও নাইটি—এভাবেই এখন তাঁর দিন কাটছে বিহারে। নিজের দৈনন্দিন জীবনের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতেই ভাইরাল হয়ে গিয়েছে হোপের ভিডিয়ো।
জানা গিয়েছে, জর্জিয়ার আটলান্টায় বেড়ে ওঠা হোপের সঙ্গে বিহারের যুবক অভিষেক সিংয়ের আলাপ হয় ২০২৩ সালে। পরিচয় থেকে ধীরে ধীরে তৈরি হয় সম্পর্ক। পরে দু’জনে বিয়ের সিদ্ধান্ত নেন। বিদেশের মাটিতেই তাঁদের বিয়ে হয়। এরপর ২০২৫ সালের অক্টোবরে অভিষেকের সঙ্গে ভারতে আসেন হোপ। বর্তমানে বিহারের একটি গ্রামেই সংসার করছেন তিনি।
হোপ ও অভিষেকের একটি পুত্রসন্তানও রয়েছে বলে জানা গিয়েছে। বিহারে আসার পর থেকেই পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি বাড়ির নানা কাজ সামলাতে দেখা যায় তাঁকে। কখনও কাপড় কাচছেন, কখনও বাসন মাজছেন, আবার কখনও রান্নাঘরে ব্যস্ত হয়ে পড়ছেন তিনি। ভারতীয় পরিবারের গৃহবধূদের মতোই তাঁর এই দৈনন্দিন জীবনযাপনের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে।
হোপের সাজপোশাকেও এসেছে বদল। সিঁথিতে সিঁদুর, হাতে চুড়ি এবং কখনও শাড়িতে তাঁকে দেখা যায়। আবার বাড়িতে সাধারণ নাইটি পরেও ভিডিয়ো করেন তিনি। শুধু ঘরকন্না নয়, নিজের সাজগোজ এবং বিহারের স্থানীয় জীবনযাত্রার বিভিন্ন মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন মার্কিন তরুণী।
তাঁর ভিডিয়োর অন্যতম আকর্ষণ খাবারদাবার। ভারতীয় উপকরণ দিয়ে রান্না করতে দেখা যায় হোপকে। কখনও বিহারের জনপ্রিয় খাবারের রেসিপি শেয়ার করেন, কখনও আবার উনুনে রুটি তৈরি করেন। ভিডিয়োতে স্থানীয় ভাষায় কথা বলার চেষ্টাও করতে দেখা যায় তাঁকে।
তবে অভিষেকের সঙ্গে হোপের ঠিক কীভাবে আলাপ এবং তাঁদের প্রেমের সম্পর্ক কীভাবে গড়ে উঠেছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি। একইসঙ্গে বিহারে এসে এইভাবে সংসার করার সিদ্ধান্ত সম্পূর্ণ তাঁর নিজের কিনা, সে বিষয়েও স্পষ্ট তথ্য নেই।
হোপের ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। বিদেশে যাওয়ার স্বপ্ন দেখেন বহু মানুষ। সেখানে আমেরিকায় বেড়ে ওঠা এক তরুণীকে বিহারের গ্রামীণ পরিবেশে সংসার করতে দেখে অনেকেই অবাক হয়েছেন। নেটিজেনদের একাংশ তাঁর জীবনযাত্রার প্রশংসা করেছেন। আবার কেউ কেউ প্রশ্ন তুলেছেন, বিদেশে থেকে নিজের কেরিয়ার গড়ার সুযোগ ছেড়ে কেন তিনি এমন জীবন বেছে নিলেন। তবে বিতর্কের মধ্যেই হোপের ভিডিয়োর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.