চন্দ্রনাথ রথের পর ফের গুলিকাণ্ড, আতঙ্কে উত্তর ২৪ পরগনা

উত্তর ২৪ পরগনার বসিরহাটে ফের রাজনৈতিক হিংসার অভিযোগ ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট দক্ষিণ বিধানসভার গোডাউন পাড়া এলাকায় রোহিত রায় নামে এক বিজেপি কর্মীর উপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে বসিরহাট স্বাস্থ্য জেলায় নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই ঘটনার পর বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে যে, শাসকদল ঘনিষ্ঠ দুষ্কৃতীরাই এই হামলার সঙ্গে জড়িত। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

এর আগে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী চন্দ্রনাথ রথকে ঘিরে গুলিকাণ্ডের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বসিরহাটে নতুন করে হামলার অভিযোগ সামনে আসায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

অন্যদিকে, উত্তর দিনাজপুর জেলার চোপড়াতেও বিজেপি নেতার উপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। আক্রান্ত বিজেপি নেতা শ্যামল সরকারের দাবি, কয়েকদিন আগে একটি মদের দোকানে লুটপাটের ঘটনায় বাধা দেওয়ায় তাঁকে লক্ষ্য করে হামলা চালানো হয়। বুধবার সকালে তিনি একটি চায়ের দোকানে বসে থাকাকালীন কয়েকজন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয় বলে অভিযোগ।

হামলার সময় ধস্তাধস্তির মধ্যে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে সেই ব্যাগ থেকে তাজা বোমা উদ্ধার হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। প্রাথমিক তদন্তে অনুমান, ব্যাগে আরও বিস্ফোরক থাকতে পারে।

ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই দু’জনকে আটক করেছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, রাজ্যের বিভিন্ন জেলায় ধারাবাহিকভাবে এ ধরনের হামলার অভিযোগ সামনে আসায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক