শুক্রবার ফের উত্তপ্ত হয়ে উঠল ইম্পার অফিস চত্বর। সংগঠনের বৈঠককে কেন্দ্র করে দিনের শুরু থেকেই চরম বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। বর্তমান সভাপতি Piya Sengupta -র পদত্যাগের দাবিতে সরব হন সংগঠনের একাংশের সদস্যরা। পরিস্থিতি ক্রমশ এমন জায়গায় পৌঁছয় যে বৈঠক মাঝপথেই ভেঙে যায় এবং অফিস চত্বর রীতিমতো অশান্তির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।
বৈঠক চলাকালীন হট্টগোলের মধ্যে পিয়া সেনগুপ্ত হঠাৎই গুরুত্বপূর্ণ কিছু ফাইল নিয়ে সভাস্থল ছেড়ে বেরিয়ে যান। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, বৈঠকে বহিরাগতদের ঢুকতে দেওয়া হয়েছে এবং তাঁর দিকে আক্রমণাত্মক আচরণ করা হয়েছে। তাঁর বক্তব্য, ইম্পার অফিস কোনও রাজনৈতিক দলের কার্যালয় নয় যে সেখানে অনিয়ন্ত্রিতভাবে বাইরের লোকজন ঢুকে পড়বেন।
পরিস্থিতি সামাল দিতে পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের উপস্থিতিতে ফের বৈঠক শুরু হলেও বিতর্ক আরও বাড়ে। অস্থায়ী সভাপতি হিসেবে রতন সাহার নাম প্রস্তাব করা হলে তা মানতে অস্বীকার করেন পিয়া সেনগুপ্ত। তিনি স্পষ্ট জানান, গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত হওয়ায় একই পদ্ধতি মেনেই তাঁকে অপসারণ করতে হবে। অন্যথায় তিনি আইনি পথে লড়াই চালাবেন বলেও হুঁশিয়ারি দেন।
অন্যদিকে সংগঠনের সদস্য ও সিনে পরিবেশক শতদীপ সাহা দাবি করেন, প্রথমদিকে পিয়া সেনগুপ্ত পদত্যাগে সম্মত হলেও পরে আচমকাই অবস্থান বদল করেন। তাঁর অভিযোগ, সংগঠনের মধ্যে দুর্নীতির নানা অভিযোগ রয়েছে এবং সেই সংক্রান্ত প্রমাণ প্রকাশ্যে আনা হবে। বর্তমান কমিটিকে তাঁরা মানছেন না বলেও জানান তিনি।
এদিনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝে ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে অভিযোগ। সেই সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন পিয়া সেনগুপ্ত। তাঁর দাবি, তাঁর কাছ থেকে জোর করে ফাইল কেড়ে নেওয়ার চেষ্টাও করা হয়েছে। পাশাপাশি তাঁকে লক্ষ্য করে ‘চোর’ স্লোগানও তোলা হয় বলে অভিযোগ ওঠে।
সমস্ত ঘটনার পর পিয়া সেনগুপ্ত জানিয়েছেন, তিনি পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন। আইনের সাহায্য নিয়েই তিনি এই ঘটনার বিচার চাইবেন বলে জানান।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.