পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তনের আবহে বিনোদন জগতেও নানা টানাপোড়েনের ইঙ্গিত মিলছে বারবার। সেই পরিস্থিতিতেই আর্টিস্ট ফোরামের সহকারী কোষাধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন অভিনেতা দিগন্ত বাগচী। যদিও তাঁর পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছে কি না, সে বিষয়ে সংগঠনের তরফে এখনও কোনও সরকারি ঘোষণা করা হয়নি।
রবিবার টেকনিশিয়ান স্টুডিয়োয় আর্টিস্ট ফোরামের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রঞ্জিত মল্লিক, কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ একাধিক সদস্য। সূত্রের খবর, সেই বৈঠকেই দিগন্তর পদত্যাগ নিয়ে আলোচনা হয়েছে।
নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে দিগন্ত জানান, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ফোরামের নির্বাচনের পর থেকেই তাঁর মনে কিছু প্রশ্ন তৈরি হয়েছিল। তাঁর বক্তব্য, সংগঠনের বহু সদস্য ভোটপ্রক্রিয়ায় অংশ নেননি, যা তাঁকে ভাবিয়ে তোলে। সেই কারণেই নির্বাচনের কিছুদিনের মধ্যেই তিনি প্রথমবার পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে তখন সংগঠনের সিনিয়র সদস্যরা তাঁকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানান। নতুন কমিটি গঠনের সময় এমন সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছিল তাঁকে।

অভিনেতার দাবি, পরবর্তী সময়ে একাধিক বিতর্ক এবং সংগঠন ঘিরে বিভিন্ন ঘটনার কারণে তিনি আর বিষয়টি নিয়ে এগোতে পারেননি। অবশেষে সম্প্রতি আবারও তিনি ই-মেলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠান।
দিগন্ত স্পষ্ট জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত কারণে নেওয়া। এর সঙ্গে কোনও রাজনৈতিক দল বা সংগঠনের চাপের সম্পর্ক নেই বলেই দাবি তাঁর। রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হলেও তিনি সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।
এছাড়াও, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ— আর্টিস্ট ফোরাম ভেঙে দেওয়ার হুঁশিয়ারি তিনি দিয়েছিলেন— সেটিও অস্বীকার করেছেন অভিনেতা। তাঁর বক্তব্য, তিনি এমন কোনও মন্তব্য কখনও করেননি এবং কেউ যদি দাবি করেন, তবে তার প্রমাণ সামনে আনতে হবে।
তবে পদ ছাড়লেও সংগঠনের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন করছেন না দিগন্ত। কার্যকরী সমিতির সদস্য না থাকলেও সাধারণ সদস্য হিসেবেই তিনি আর্টিস্ট ফোরামের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.