‘অভিমান’ ছবিতে রকস্টারের চরিত্রে দর্শকদের মন জয় করার পর এবার একেবারে ভিন্ন অবতারে বড়পর্দায় আসতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এবার তাঁকে দেখা যাবে এক ‘ডাক্তার কাকু’-র চরিত্রে। ছবির অফিসিয়াল পোস্টার প্রকাশ্যে এনে গত জুলাই মাসেই নতুন সিনেমার ঘোষণা করেছিলেন অভিনেতা।
প্রথমে জানানো হয়েছিল, শিক্ষক দিবস উপলক্ষে অর্থাৎ ৪ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ‘ডাক্তার কাকু’। ফলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন চরিত্র দেখার জন্য অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তবে এবার বদলে গেল সেই অপেক্ষার সময়। সোশ্যাল মিডিয়ায় নতুন পোস্টার প্রকাশ করে ছবির মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার কথা জানিয়েছেন প্রসেনজিৎ। ৪ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৮ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাবে ‘ডাক্তার কাকু’।
নতুন পোস্টারে একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছেন অভিনেতা। পোস্টারে দেখা যাচ্ছে, সামনে রয়েছে একটি দাঁড়িপাল্লা। তার একদিকে কোটি কোটি টাকা, অন্যদিকে মুমূর্ষু রোগী। পাশাপাশি হাওয়ায় উড়তে দেখা যাচ্ছে কাগজের তৈরি প্লেন। পোস্টারেই যেন ছবির গল্পের একটি গুরুত্বপূর্ণ বার্তা তুলে ধরা হয়েছে।পোস্টারটি শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, “অর্থ মূল্যবান, জীবন অমূল্য, দিন পিছোক, (৪ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর), কিন্তু দিন বদলাক, ডাক্তার কাকু আসছে!!”
তবে আচমকা কেন ছবির মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হল, সেই কারণ এখনও স্পষ্ট করে জানানো হয়নি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের পাশাপাশি এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ঋদ্ধি সেন। ছবির প্রযোজক এন সাহা। এছাড়াও অভিনয় করছেন তুলিকা বসু, শ্রীলগ্না বন্দ্যোপাধ্যায়, সুচন্দ্রা-সহ আরও অনেকে।
ছবিতে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে পাভেলকে। শুধু অভিনয় নয়, ‘ডাক্তার কাকু’-র পরিচালনার দায়িত্বও রয়েছে তাঁর কাঁধে।

সব মিলিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নতুন অবতার এবং ছবির বিষয়বস্তু ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। তাই আরও কিছুটা অপেক্ষার পর ১৮ সেপ্টেম্বর বড়পর্দায় আসছেন ‘ডাক্তার কাকু’।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.