‘কেউ কি চাপ দিচ্ছিল?’ সঞ্চিতার মৃত্যুর পর বিস্ফোরক দাবি বাবার

ছোটপর্দার অভিনেত্রী সঞ্চিতা উগলের অকালমৃত্যু ঘিরে শোকস্তব্ধ বিনোদনজগৎ। তাঁর প্রয়াণের পর একের পর এক উঠে আসছে ব্যক্তিগত জীবনের নানা তথ্য, যা এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলছে। পরিবারের সদস্যদের পাশাপাশি অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধুরাও জানিয়েছেন, গত কয়েক মাস ধরে তিনি মানসিকভাবে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন।

সঞ্চিতার এক ঘনিষ্ঠ বন্ধু জানিয়েছেন, চলতি বছরের শুরু থেকেই অভিনেত্রীর আচরণে পরিবর্তন লক্ষ করা যাচ্ছিল। তিনি প্রায়ই জীবনের প্রতি হতাশার কথা প্রকাশ করতেন এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথাও বলতেন। বন্ধুর দাবি, সঞ্চিতা একাধিকবার এমন মন্তব্য করেছিলেন, যা থেকে তাঁর গভীর মানসিক অবসাদের ইঙ্গিত মিলেছিল।

তবে ব্যক্তিগত জীবনে সমস্যার মুখোমুখি হলেও পেশাগত ক্ষেত্রে তিনি সক্রিয় ছিলেন বলে জানা গেছে। অভিনয়ের কাজ নিয়মিত করছিলেন এবং সামনে বেশ কিছু নতুন প্রকল্পও ছিল। আর্থিক সমস্যা বা কাজের অভাব তাঁর জীবনে ছিল না বলেই জানিয়েছেন ঘনিষ্ঠ মহল। পরিবারের দায়িত্বও মূলত তাঁর কাঁধেই ছিল বলে জানা যায়।

বন্ধু দাবি করেন, “আমার কাছে এখনও একটি মেসেজ রয়েছে। ও আমাকে বলত, ‘এই জীবন আমি চাই না। কঠিন হয়ে উঠছে এই জীবন। আর পারা যাচ্ছে না। কেন এই জীবন চালিয়ে যেতে হবে?’ ও আমাকে এই ধরনের প্রশ্ন করতে শুরু করেছিল।”

অন্যদিকে, অভিনেত্রীর বাবা জানিয়েছেন, “ও মনমরা হয়ে থাকত। কিন্তু কোনও কারণ আমাদের জানায়নি। তবে বুঝতাম, ওর মন ভাল নেই। মেজাজ ভাল থাকলেও, হঠাৎ যেন অবসাদে চলে যেত। আমরা লক্ষ করেছিলাম বিষয়টা। তাই আমরা ওর সঙ্গে সঙ্গে থাকার চেষ্টা করতাম। কিন্তু ওই দিন অল্প সময়ের জন্য আমরা ছিলাম না। মাত্র আধ ঘণ্টা আমরা থাকতে পারিনি। সেটাই আমাদের ভুল হয়েছে। কিন্তু আমরা জানতাম না, ও এত গভীর অবসাদে চলে গিয়েছে যে, এত বড় পদক্ষেপ করবে।” তিনি আরও জানিয়েছেন, “কথা বলার চেষ্টা করেছিলাম। মনে হয়, ওকে কেউ চাপ দিচ্ছিল। টাকা পয়সা নিয়ে কেউ ওকে বিরক্ত করছিল। সমানে ওকে হেনস্থা করছিল কেউ। সত্য প্রকাশ্যে আসবেই। কিন্তু আমি নিশ্চিত, ওকে কেউ হেনস্থা করছিল। প্রশাসনের কাছে অনুরোধ, আমার মেয়ে যেন বিচার পায়।”

পরিবার প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছে। তাঁদের বিশ্বাস, তদন্তের মাধ্যমে জানা যাবে ঠিক কী পরিস্থিতি সঞ্চিতাকে এতটা মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল।

বর্তমানে সঞ্চিতার মৃত্যুর ঘটনায় নানা দিক খতিয়ে দেখা হচ্ছে। পরিবার, বন্ধু এবং সহকর্মীদের বক্তব্যের ভিত্তিতে তদন্ত এগোলে হয়তো সামনে আসবে সেই সমস্ত কারণ, যা দীর্ঘদিন ধরে অভিনেত্রীকে মানসিক চাপে রেখেছিল।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক