বাঙালির উৎসব মানেই জমকালো খাওয়াদাওয়া। বিশেষ দিনের মেনুতে চিংড়ির কোনও না কোনও পদ থাকবেই। তবে পরিচিত মালাইকারি বা সর্ষে চিংড়ির বাইরে একটু ভিন্ন স্বাদের কিছু বানাতে চাইলে গলদা চিংড়ির রোস্ট হতে পারে অনবদ্য পছন্দ। সুগন্ধি মশলা, টক দই আর নারকেলের মিশেলে তৈরি এই পদ সহজেই বাড়িয়ে দিতে পারে উৎসবের আমেজ।
এই রান্নার জন্য প্রথমেই প্রয়োজন বড় মাপের গলদা চিংড়ি। চিংড়িগুলি পরিষ্কার করে ধুয়ে একটি বড় পাত্রে নিতে হবে। তার সঙ্গে যোগ করতে হবে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা বাটা, নারকেল বাটা এবং জল ঝরানো টক দই। স্বাদ অনুযায়ী নুন ও সামান্য গোলমরিচের গুঁড়ো মিশিয়ে সব উপকরণ ভাল ভাবে মাখিয়ে কিছু ক্ষণ রেখে দিতে হবে, যাতে মশলা ভাল করে চিংড়ির ভিতরে ঢুকে যায়।
এর পর কড়াইতে সাদা তেল ও সামান্য ঘি গরম করে গোটা গরমমশলা ফোড়ন দিতে হবে। মেরিনেট করা চিংড়িগুলি আলাদা করে হালকা ভেজে তুলে রাখুন। একই কড়াইয়ে বাকি মশলা ঢেলে ধীরে ধীরে কষাতে থাকুন। কিছু ক্ষণের মধ্যেই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে এবং ঘন সুগন্ধ বেরোবে।

মশলা তৈরি হয়ে গেলে ভাজা চিংড়িগুলি ফের কড়াইয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে। শেষে উপরে ছড়িয়ে দিন বেরেস্তা ও অল্প ঘি। ঢেকে কয়েক মিনিট রেখে দিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু গলদা চিংড়ির রোস্ট।
এই পদ গরম পোলাও, ঘি-ভাত বা নারকেলি ভাতের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যায়। বাড়ির পার্টি কিংবা উৎসবের বিশেষ দুপুর— দুই ক্ষেত্রেই এই অভিনব রেসিপি অতিথিদের মন জিতে নেবে সহজেই।
Sumi has been waiting lifestyle, vastu Tips since 2026.