সম্প্রতি অভিনেত্রী ইন্দ্রানী হালদারের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তাঁকে নিয়ে শুরু হয় নানা ধরনের চর্চা। অভিনেত্রীর শারীরিক পরিবর্তন নিয়ে নেটমাধ্যমের একাংশ কটাক্ষ ও কুরুচিকর মন্তব্য করেন। এমনকি, তাঁর রোগা হওয়ার পিছনে স্টেরয়েড ব্যবহারের প্রশ্নও তোলেন কেউ কেউ। এবার সেই সমস্ত ট্রোলেরই জবাব দিলেন ইন্দ্রানী হালদার।
নিজের ওজন কমানোর প্রসঙ্গে অভিনেত্রী জানান, কঠোর পরিশ্রম, নিয়মিত শরীরচর্চা এবং ডায়েট মেনে চলেই তিনি ওজন কমিয়েছেন। তাঁর কথায়, “করুক না আমার মতো জিম, আমার মতো ৮০ কেজি ওজন তুলুক না। দু’ঘণ্টা জিম করে আসুক না। আমার মতো অধ্যবসায় থাকুক না। আমার মতো ডায়েট করে দেখাক না। তবে তো বুঝব।”
ইন্দ্রানী আরও জানান, ওজন কমানোর ক্ষেত্রে খাবারের নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর কথায়, আগে খাবার নিয়ন্ত্রণ করতে হয়েছে, এমনকি পছন্দের খাবার থেকেও নিজেকে দূরে রাখতে হয়েছে। তবে এখন তিনি স্বাভাবিকভাবেই সব ধরনের খাবার খান। বিরিয়ানি থেকে মিষ্টি—সবই খান বলে জানান অভিনেত্রী।
স্টেরয়েড নিয়ে ওঠা প্রশ্নের প্রসঙ্গেও মুখ খোলেন ইন্দ্রানী। বিষয়টি নিয়ে সরাসরি কোনও কড়া মন্তব্য না করে খানিকটা রসিকতার সুরেই তিনি বলেন, পুজোর আগে আর খারাপ কথা বলতে চান না। যাঁরা এমন কথা বলছেন, তাঁদের জন্য জগন্নাথের আশীর্বাদ কামনা করেন অভিনেত্রী। পাশাপাশি নিজের পরিশ্রম ও অধ্যবসায়ের কথাও ফের মনে করিয়ে দেন তিনি।

অন্যদিকে, বেশ কিছুদিন অভিনয় থেকে বিরতিতে ছিলেন ইন্দ্রানী হালদার। এবার ফের নতুন করে কাজে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে আপাতত ধারাবাহিকে দীর্ঘ সময় ধরে কাজ করার ইচ্ছে নেই অভিনেত্রীর। টানা দীর্ঘক্ষণ কাজ করার মতো শরীর আর নেই বলেই জানিয়েছেন তিনি। তবে ‘গোয়েন্দা গিন্নি’র মতো কোনও ভালো প্রজেক্ট এলে ফের অভিনয়ে ফিরতে তাঁর আপত্তি নেই।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.