বলিউডের তারকা দম্পতি কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মলহোত্রকে ঘিরে ফের খুশির খবরের জল্পনা। বুধবার সকালে তাঁদের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। এক জোড়া ছোট্ট সাদা মোজার ছবি পোস্ট করেছেন কিয়ারা ও সিদ্ধার্থ। ছবিতে তাঁদের হাতের উপর রাখা রয়েছে ছোট্ট মোজা, তার উপরে দেখা যাচ্ছে তাঁদের প্রথম সন্তানের খুদে হাত।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “আরও এক বার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার আসতে চলেছে। আমাদের মন ভালবাসা ও কৃতজ্ঞতায় ভরে রয়েছে।” এই পোস্টের পর থেকেই অনুরাগীদের একাংশের অনুমান, ফের মা-বাবা হতে চলেছেন কিয়ারা ও সিদ্ধার্থ। তারকা দম্পতির এই পোস্টে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। করীনা কপূর খান মন্তব্য করে তাঁদের অভিনন্দন জানিয়েছেন। কর্ণ জোহর, শোভিতা ধুলিপালা, ডব্বু রত্নানী-সহ বলিউডের একাধিক তারকাও শুভেচ্ছা জানিয়েছেন কিয়ারা ও সিদ্ধার্থকে।
তবে এই ঘোষণার সঙ্গে আরও একটি বিষয় নজর কেড়েছে। প্রথম বার মা-বাবা হওয়ার খবরও প্রায় একই কায়দায় জানিয়েছিলেন তাঁরা। ২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি কিয়ারা ও সিদ্ধার্থ প্রথম বার তাঁদের জীবনে নতুন অতিথি আসার খবর প্রকাশ্যে আনেন। সেই সময়ও তাঁদের পোস্টে লেখা ছিল, “আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার শীঘ্রই আসছে।”
এর পর ২০২৫ সালের ১৬ জুলাই কিয়ারা ও সিদ্ধার্থ জানান, তাঁদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। পরে ওই বছরের নভেম্বর মাসে মেয়ের ছোট্ট পায়ের সাদা মোজা পরা ছবি প্রকাশ করেছিলেন তাঁরা। ফলে সাদা মোজা যে তাঁদের জীবনের বিশেষ মুহূর্তের সঙ্গে জড়িয়ে রয়েছে, তা স্পষ্ট।

এ বারও সেই একই প্রতীকের মাধ্যমে নতুন সুখবর দেওয়ায় অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে। যদিও তাঁদের পোস্টকে ঘিরে দ্বিতীয় সন্তানের আগমনের জল্পনা তৈরি হয়েছে, পোস্টে সরাসরি দ্বিতীয় বার মা-বাবা হওয়ার কথা উল্লেখ করা হয়েছে কি না, সেটিই এখন আলোচনার কেন্দ্রে।
কাজের দিক থেকেও ২০২৫ ও ২০২৬ সাল কিয়ারা ও সিদ্ধার্থের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে কিয়ারার ‘গেম চেঞ্জার’ ও ‘ওয়ার ২’ মুক্তি পেয়েছিল। ২০২৬ সালে মুক্তি পেয়েছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’। অন্য দিকে, ২০২৫ সালে সিদ্ধার্থের ‘পরম সুন্দরী’ মুক্তি পায় এবং সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ্য বন’। ছবিগুলি দর্শক ও সমালোচকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.