বিগ বস বাংলার ঘরে নিজের মজার গান ও কথাবার্তার মাধ্যমে ইতিমধ্যেই নজর কেড়েছেন ঝিলম গুপ্তা। শোয়ে একাধিকবার তাঁর মুখে শোনা গিয়েছে এক ‘বিশেষ বান্ধবী’র কথা। এমনকী, ঝিলমের জনপ্রিয় ‘ইঁদুর’ গানের নেপথ্যেও যে সেই বান্ধবীর অনুপ্রেরণা রয়েছে, তা নিজেই জানিয়েছিলেন তিনি। তবে এতদিন প্রকাশ্যে আসেনি সেই বিশেষ মানুষের পরিচয়। এবার জানা গেল, ঝিলমের সেই কাছের বান্ধবী হলেন পৌলমী গুহ।
বিগ বসের ঘরেই ঝিলমের গান লেখার শুরু। টয়লেট পেপারে লিপলাইনার দিয়ে গান লিখে নজর কেড়েছিলেন তিনি। এরপর সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে প্রতি সপ্তাহে নতুন গান তৈরি করার দায়িত্ব দেন। সেই থেকেই একের পর এক গান উপহার দিয়েছেন ঝিলম। তার মধ্যে বিশেষভাবে জনপ্রিয় হয়েছে ‘ইঁদুর’ গানটি।
তবে এই গানের সম্পূর্ণ কৃতিত্ব নিজের বলে দাবি করেননি ঝিলম। বারবারই তিনি জানিয়েছেন, এই গানের পিছনে অন্য একজনের অবদান রয়েছে। অবশেষে এক পডকাস্টে এসে সেই রহস্যের সমাধান করেছেন পৌলমী নিজেই। পৌলমীর কথায়, একটা সময় তাঁর গাড়িতে প্রায় প্রতিদিনই ইঁদুর ঢুকে পড়ত। বিষয়টি নিয়ে তিনি নিয়মিত ঝিলমের কাছে অভিযোগ করতেন। দু’জনের কথাবার্তায় বারবার ঘুরেফিরে আসত ‘ইঁদুর’ শব্দটি। আর সেখান থেকেই ঝিলমের মাথায় আসে গান তৈরির ভাবনা। সেই মজার অভিজ্ঞতাই পরে রূপ নেয় ‘ইঁদুর’ গানে।
ঝিলমের সঙ্গে পৌলমীর বন্ধুত্ব যে বেশ গভীর, তার প্রমাণ মেলে তাঁদের সোশ্যাল মিডিয়ার একাধিক ছবিতেও। পৌলমী সেরামিক আর্ট এবং বিভিন্ন ধরনের হ্যান্ডমেড সামগ্রী নিয়ে কাজ করেন। এমনকী, ঝিলমের লেখা একটি বইয়ের প্রচ্ছদও তৈরি করেছেন তিনি। পডকাস্টে ঝিলমের স্বভাব নিয়েও মুখ খোলেন পৌলমী। তাঁর দাবি, ঝিলম বরাবরই শান্ত স্বভাবের মানুষ। চিৎকার করে ঝগড়া করা তাঁর স্বভাব নয়। বরং গান লেখা এবং সৃষ্টিশীল কাজেই বেশি আগ্রহ ঝিলমের। মজা করে পৌলমী বলেন, মাঝে মাঝে তাঁর ইচ্ছে করে বিগ বসের ঘরে গিয়ে বান্ধবীর হয়ে ঝগড়া করে আসতে।
অন্যদিকে, বিগ বসের ঘরে ঝিলমকে নিয়মিত ঘরের কাজ করতে দেখে বেশ খুশি পৌলমী। মজার ছলেই তিনি জানান, এই একটি কারণে বিগ বসকে আলাদা করে ধন্যবাদ জানাতে চান। পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের বাসিন্দা ঝিলম গুপ্তা। মধ্যবিত্ত জীবনের নানা সাধারণ ঘটনা, বাংলা সিরিয়াল এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে কখনও মজাদার, কখনও ব্যঙ্গাত্মক ভিডিয়ো তৈরি করে পরিচিতি পেয়েছেন তিনি। পাভেল পরিচালিত ‘কলকাতা চলন্তিকা’ ছবিতেও অভিনয় করেছেন ঝিলম। এছাড়াও বলিউডের এক খ্যাতনামা পরিচালক-প্রযোজকের কাছ থেকেও অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বলে জানা যায়।

এই মুহূর্তে নিরঞ্জন, দুর্নিবার, সৃজলা, রাজবীর, নন্দিনী, মনামী-সহ অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে বিগ বস বাংলার ঘরে রয়েছেন ঝিলম। শোয়ের ব্যস্ততার মধ্যেই এবার প্রকাশ্যে এল তাঁর বহুলচর্চিত ‘বিশেষ বান্ধবী’ পৌলমী গুহের পরিচয়।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.