কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজকে এখন একসঙ্গে দেখা যাচ্ছে সোনি আটের নন-ফিকশন শো ‘রাঁধুনি না কাঁদুনি’-তে। এই শোয়ে তাঁদের সঙ্গে রয়েছেন শ্যামৌপ্তি, দর্শনা, রাহুল, আরজে সায়ন, ইমন-সহ টলিউডের একাধিক পরিচিত মুখ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে শো-এর নতুন একটি প্রোমো, যেখানে কাঞ্চনকে নিয়ে মস্করার মাঝে হঠাৎই গম্ভীর হয়ে যেতে দেখা যায় শ্রীময়ীকে।
প্রোমোয় দেখা যায়, কাঞ্চনকে নিয়ে আরজে সায়নের সঙ্গে মজার ছলে কথাবার্তা চলছে। সায়ন কাঞ্চনকে উদাহরণ হিসেবে টেনে মস্করা করতে শুরু করতেই তাঁকে থামিয়ে দেন শ্রীময়ী। এরপর শ্রীময়ীর পোশাকে আঁকা রংবেরঙের পাখি নিয়েও মজা করেন সায়ন। পাল্টা মজার ছলেই শ্রীময়ী বলেন, তাঁর ‘তোতা পাখি’র দিকে সায়নের নজর কেন। এই কথোপকথনে যোগ দেন কাঞ্চনও।
তবে হাসিঠাট্টার মধ্যেই আচমকা সুর বদলে যায়। সায়নকে উদ্দেশ্য করে শ্রীময়ী স্পষ্ট বলেন, “কাঞ্চনের বউ নিয়ে কোনও রকম পার্সোনাল অ্যাটাক আমি সহ্য করব না।” তিনি আরও জানান, তাঁরা যেহেতু বন্ধু, তাই বিষয়টি তিনি সিরিয়াসভাবেই বলছেন। শ্রীময়ীর এই মন্তব্যের পরই প্রোমোয় উপস্থিত সকলের মুখের হাসি থেমে যেতে দেখা যায়।
কাঞ্চন ও শ্রীময়ীর সম্পর্ক নিয়ে এর আগেও নানা সময়ে চর্চা হয়েছে। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আইনি বিয়ে করেন তাঁরা। মার্চে হয় সামাজিক বিয়ে। একই বছরের নভেম্বর মাসে তাঁদের কন্যাসন্তান জন্ম নেয়। পরবর্তীতে দ্বিতীয়বার বাবা-মা হয়েছেন কাঞ্চন-শ্রীময়ী। তাঁদের ছেলের নাম কৃষিভ।
কাঞ্চন ও শ্রীময়ীর বয়সের পার্থক্য এবং কাঞ্চনের একাধিক বিয়ে নিয়েও বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে দম্পতিকে। কখনও তাঁরা নীরব থেকেছেন, আবার কখনও প্রকাশ্যে দিয়েছেন কড়া জবাব। এক সাক্ষাৎকারে শ্রীময়ী জানিয়েছিলেন, কাঞ্চনের ইন্ডাস্ট্রির বন্ধুদের তাঁর সামনেই কাঞ্চনের একাধিক বিয়ে নিয়ে মস্করা করতে দেখে তিনি মাঝেমধ্যে অবাক হন। সেই মস্করার ভাষা ও রুচি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি।
তবে ‘রাঁধুনি না কাঁদুনি’-র এই মুহূর্তটি নিছকই শো-এর মজার অংশ, নাকি সত্যিই বিষয়টি নিয়ে শ্রীময়ী ক্ষুব্ধ হয়েছিলেন, তা অবশ্য প্রোমো দেখে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। পুরো ঘটনাটি জানতে হলে সম্প্রচারের অপেক্ষা করতে হবে।


Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.