স্বামীর সদ্য কেনা গাড়ি নিয়ে ড্রাইভিং শিখতে গিয়ে পুকুরে পড়ে মৃত্যু বধূর!

স্বামীর সদ্য কেনা গাড়ি নিয়ে ড্রাইভিং শিখতে বেরিয়ে মর্মান্তিক পরিণতি হল এক বধূর। বুধবার সকালে কেষ্টপুরের একটি পুকুরে গাড়ি পড়ে মৃত্যু হল সুমিত্রা দাস নামে এক মহিলার। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় দমকল এবং বাগুইআটি থানার পুলিশ পুকুর থেকে গাড়িটি উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সুমিত্রা কেষ্টপুরের প্রফুল্ল কাননের বাসিন্দা। বুধবার সকালে মেয়েকে স্কুটিতে করে স্কুলে দিয়ে আসার পর তিনি স্কুটি বাড়িতে রেখে স্বামী কৃষ্ণেন্দু দাসের সদ্য কেনা গাড়ি নিয়ে বেরিয়েছিলেন। গাড়ি চালানোর লাইসেন্স এখনও পাননি সুমিত্রা। আগামী ২২ অগস্ট তাঁর ড্রাইভিং পরীক্ষার কথা ছিল। সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবেই এ দিন গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তিনি বলে জানা গিয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান, গাড়ি চালানোর সময় ব্রেকের পরিবর্তে ভুল করে অ্যাক্সিলারেটরে পা পড়ে যায়। এর জেরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গড়িয়ে পড়ে বলে মনে করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে দমকল এবং বাগুইআটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। দীর্ঘ প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর মাঝ-পুকুর থেকে গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়। গাড়ির ভিতর থেকেই সুমিত্রার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, গাড়ির ভিতরে সুমিত্রার অবস্থান দেখে বোঝা যায়, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বাঁচার চেষ্টা করেছিলেন। গাড়ি উদ্ধারের পর দেখা যায়, তাঁর মুখ ছিল পিছনের দরজার দিকে এবং পা ছিল স্টিয়ারিংয়ের দিকে।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কী ভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক