Koel: সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল কোয়েল মল্লিক (Koel) অভিনীত আগামী সিনেমা ‘মিতিন: একটি খুনের সন্ধানে’-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলীসহ আরও অনেক গুণী ব্যক্তিত্ব। সেই বিশেষ মুহূর্তের কিছু ঝলক অভিনেত্রী নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
ছবিতে দেখা যাচ্ছে, কোয়েল একটি সাদা রঙের শাড়ি ও মানানসই গয়নায় সেজেছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, সংগীত পরিচালক জিৎ গাঙ্গুলী এবং পরিচালক অরিন্দম শীল-সহ আরও অনেকে। একটি জমজমাট ও আনন্দমুখর সন্ধ্যা উপভোগ করেছেন তারা।
ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে কোয়েল লিখেছেন, “হাসি, ভালোবাসা এবং আবেগে ঘেরা সঙ্গীতের এক চমৎকার সন্ধ্যা! পণ্ডিত অজয় চক্রবর্তীকে আমাদের মাঝে পাওয়া ভাগ্যের ব্যাপার, তিনি নিজেই একটি প্রতিষ্ঠান। এছাড়া আমাদের ছবিতে একটি সুন্দর গানে কণ্ঠ দেওয়ার জন্য আমরা চন্দনা কাকিমার কাছে কৃতজ্ঞ।”
পোস্টটি দেখার পর নেটিজেনরা কোয়েলকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এবং আগামী সিনেমার জন্য শুভকামনা জানিয়েছেন। সুচিত্রা ভট্টাচার্যের কাহিনী অবলম্বনে নির্মিত মিতিন মাসি সিরিজের আগের সিনেমাগুলো দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল।
আরও পড়ুন
করিনার প্রেমে শুরুতে নিরাপত্তাহীন সইফ: ‘ওর মতো কেউ নেই’
সেই জনপ্রিয়তাকে সঙ্গী করেই আবারও বড় পর্দায় ফিরছে মিতিন। ট্রেলার দেখে বোঝা যাচ্ছে, একটি জটিল খুনের রহস্য সমাধান করতে মিতিনকে বিভিন্ন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হবে। কীভাবে সমস্ত বাধা পেরিয়ে মিতিন প্রকৃত খুনীকে খুঁজে বের করে, তা নিয়েই সিনেমার কাহিনী। কোয়েল মল্লিক ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন গৌরব চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
আরও পড়ুন
Swastika: শীতের আমেজে উষ্ণতার ছোঁয়া! ছাইরঙা শাড়িতে নেটপাড়ায় পারদ চড়ালেন স্বস্তিকা
#Koel #Mitin

Sudeshna has been writing entertainment reports since 2021.