উত্তর ২৪ পরগনার নৈহাটি-র বিখ্যাত বড়মা কালী মন্দির-এ এবার বড় সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। দীর্ঘদিনের দাবি মেনে স্থানীয় বাসিন্দাদের জন্য আলাদা প্রবেশপথ চালু করা হচ্ছে। আগামী ১ মার্চ থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।
প্রতিদিনই বড়মার মন্দিরে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। দূরদূরান্ত থেকে মানুষ এখানে পুজো দিতে ও দর্শন করতে আসেন। বিশেষ করে অমাবস্যা, কালীপুজো বা অন্যান্য ধর্মীয় তিথিতে ভিড় কয়েকগুণ বেড়ে যায়। নতুন মন্দির নির্মাণের পর দর্শনার্থীর সংখ্যা আরও বৃদ্ধি পেয়েছে। ফলে মন্দির সংলগ্ন এলাকার বাসিন্দাদেরও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। এই নিয়ে স্থানীয়দের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল।
এই পরিস্থিতিতে নৈহাটি বড়কালী পুজো সমিতি ট্রাস্ট বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ট্রাস্টের সিদ্ধান্ত অনুযায়ী, নৈহাটির বাসিন্দারা যদি সচিত্র ঠিকানাযুক্ত বৈধ পরিচয়পত্র দেখাতে পারেন, তবে তাঁরা সাধারণ লাইনে না দাঁড়িয়ে বিশেষ গেট দিয়ে সরাসরি মন্দিরে প্রবেশ করে বড়মার দর্শন করতে পারবেন। আধার কার্ড, ভোটার কার্ড বা অন্য কোনও বৈধ ঠিকানাযুক্ত পরিচয়পত্র গ্রহণযোগ্য হবে।
ট্রাস্টের সম্পাদক তাপস ভট্টাচার্য জানান, দীর্ঘদিন ধরেই স্থানীয়দের এই দাবি ছিল। বর্তমানে প্রতিদিন প্রায় ৫ থেকে ৬ হাজার ভক্ত মন্দিরে আসছেন। ভক্তসংখ্যা ও মন্দিরের পরিধি বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের সুবিধার্থে এই আলাদা প্রবেশপথের ব্যবস্থা করা হয়েছে।
ভক্তদের বিশ্বাস, বড়মা কখনও কাউকে খালি হাতে ফেরান না। সেই আস্থা নিয়েই বছরভর নৈহাটিতে ভক্তদের ঢল নামে। এবার নতুন এই উদ্যোগে ভিড়ের মধ্যেও কিছুটা স্বস্তি পাবেন নৈহাটির বাসিন্দারা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.