‘তোকে খুব মনে পড়ে রে…, একসঙ্গে কত গল্প, কত হাসি’, তাপসের জন্মদিনে বন্ধুকে স্মরণ করে আবেগঘন পোস্ট বুম্বার

২৯ সেপ্টেম্বর। বাংলা চলচ্চিত্রের প্রয়াত অভিনেতা তাপস পালের জন্মদিন। এই বিশেষ দিনে পুরনো বন্ধুর স্মৃতিতে আবেগপ্রবণ হয়ে পড়লেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। একসঙ্গে কাটানো অসংখ্য মুহূর্ত, আড্ডা, হাসি-ঠাট্টা এবং সিনেমার স্মৃতি ভাগ করে নিয়ে তাপসকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ‘বুম্বা’।

আশি-নয়ের দশকে বাংলা ছবির জগতে তাপস পাল ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন অত্যন্ত পরিচিত দুই মুখ। ১৯৮৭ সালে একই সময়ে মুক্তি পেয়েছিল প্রসেনজিৎ অভিনীত ‘অমরসঙ্গী’ এবং তাপস পাল অভিনীত ‘গুরুদক্ষিণা’। দুটি ছবিই দর্শকের কাছে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। পরবর্তীতে ‘আপন আমার আপন’, ‘সংঘর্ষ’, ‘প্রতিশোধ’, ‘চোখের আলোয়’, ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘নয়নের আলো’-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা।

তবে তাঁদের সম্পর্ক শুধুমাত্র পর্দার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও একে অপরের সেটে যেতেন, আড্ডা দিতেন এবং ব্যক্তিগত জীবন থেকে কেরিয়ার—বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। বছরের পর বছর একসঙ্গে জন্মদিনের কেকও কেটেছেন দুই বন্ধু।

২০২০ সালের ফেব্রুয়ারিতে প্রয়াত হন তাপস পাল। তাঁর চলে যাওয়ার পরও বন্ধুর স্মৃতি আগলে রেখেছেন প্রসেনজিৎ। তাপসের জন্মদিন উপলক্ষে পুরনো একটি হাসিমাখা ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে তিনি লেখেন, ‘একসঙ্গে কত বছর, কত গল্প, কত হাসি… ২৯ শে সেপ্টেম্বর এলেই আজও কত স্মৃতি মনে পড়ে। তোকে খুব মনে পড়ে রে। শুভ জন্মদিন রে তাপস। যেখানে থাকিস, ভালো থাকিস।’

তাপস পালের মৃত্যুর পরও তাঁর শিল্পীসত্তার কথা বারবার স্মরণ করেছেন প্রসেনজিৎ। বন্ধুকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছিলেন, “বন্ধু, তুই শিল্পী ছিলিস, থাকবি। আর দেখিস, তোকে মানুষ শিল্পী হিসেবেই মনে রাখবে। আর মনে রাখবে তোর ওই হাসিটা। ভালো থাকিস বন্ধু।”

আজ তাপস পাল নেই। কিন্তু বাংলা সিনেমার পর্দায় তাঁর অভিনয় এবং প্রসেনজিৎ-তাপসের বন্ধুত্বের অসংখ্য স্মৃতি এখনও দর্শকদের মনে অমলিন।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক