সেরা অভিনেতার অ্যাওয়ার্ড পেলেন বাংলা সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জী! তবে ইতিবাচক চরিত্রের জন্য নয়, এবার নেতিবাচক চরিত্রের জন্য সেরার তকমা পেলেন তিনি। সম্প্রতি মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে ‘IWM Buzz’ অ্যাওয়ার্ড। যেখানে ওটিটি দুনিয়ার কলাকুশলীদের পুরস্কৃত করা হয়েছে।
সেখানেই দক্ষ অভিনয়ের মাধ্যমে সেরার তকমা ছিনিয়ে নিয়েছেন প্রসেনজিৎ। তিনি ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’ সিরিজের জন্য এই অ্যাওয়ার্ড পেয়েছেন। যা প্রসেনজিতের পাশাপাশি বাংলার জন্য যে বিশেষ সম্মান তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।
এই সিরিজে প্রসেনজিতের নেতিবাচক দিকের অভিনয় দেখেছে দর্শকেরা। চিরাচরিত নায়কের চরিত্র থেকে সরে গিয়েও তিনি যে বিপরীত চরিত্রকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলতে পারেন তা বুঝিয়ে দিয়েছেন সকলকে। তাতেই তিনি লাভ করলেন সাফল্য।
যদি আমরা এই সিরিজ দেখি তাহলে সেটি তৈরি করেছেন নীরজ পান্ডে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ঠিক কতটা প্রভাব খাটানো হয় সেই বিষয়টি তুলে ধরা হয়েছে এই সিরিজে। যেখানে প্রসেনজিৎকে দেখা গিয়েছে বরুণ রায়ের চরিত্রে। যিনি একজন ক্ষমতাশালী রাজনীতিবিদ।
তিনি মূলত বিরোধীপক্ষকে আটকানোর জন্য পুলিশ এবং অপরাধীদের ব্যবহার করেন। বাংলার ডন শংকর বড়ুয়ার চরিত্র ফুটিয়ে তুলেছেন শাশ্বত চ্যাটার্জী। রাজনৈতিক টানাপোড়নের মধ্যে এক সৎ পুলিশ অফিসার খুন হয়ে গেলে তার তদন্তে আসেন আরেক পুলিশ অফিসার অজয় মিত্র অর্থাৎ জিৎ।
পশ্চিমবঙ্গে যে সময় কমিউনিস্ট পার্টি এবং মমতা ব্যানার্জির মধ্যে চরম দ্বন্দ্ব তৈরি হয়েছিল সেই প্রেক্ষাপটেই তৈরি হয়েছে এই সিরিজটি। কীভাবে রাজনীতিবিদ এবং অপরাধীরা সহাবস্থান করে শোষণ করেন তারই জ্বলন্ত ছবি তুলে ধরে ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার।’

Sudeshna has been writing entertainment reports since 2021.