টেলিভিশনের পরিচিত মুখ রাজা গোস্বামী আবারও চর্চায়। ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেতাকে শেষবার দেখা গিয়েছিল ‘চিরসখা’ ধারাবাহিকে। তবে ধারাবাহিকটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন ছিল, এবার কোথায় দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই জানা গিয়েছে, খুব শীঘ্রই যাত্রার মঞ্চে অভিনয় করতে চলেছেন রাজা। আর এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করে ফের অনুরাগীদের নজর কাড়লেন অভিনেতা।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রাজা তাঁর প্রথম জনপ্রিয় ধারাবাহিক ‘ভালোবাসা ডট কম’-এর কিছু পুরনো মুহূর্ত নিয়ে একটি কোলাজ ভিডিও পোস্ট করেন। সেই পোস্টের ক্যাপশনে অভিনেতা ফিরে যান প্রায় ১৬ বছর আগের স্মৃতিতে। তিনি লেখেন, একসময় সংবাদপত্রে প্রিয় তারকাদের ছবি কেটে জমিয়ে রাখতেন। তখন ভাবতেও পারেননি, ভবিষ্যতে তাঁর নিজের ছবিও একইভাবে প্রকাশিত হবে। দর্শকদের ভালোবাসাই তাঁর এই পথচলাকে সম্ভব করেছে বলেও উল্লেখ করেন তিনি।
অভিনেতার কথায় স্পষ্ট, নিজের শুরুর দিনগুলোকে আজও ভোলেননি তিনি। পুরনো দিনের স্মৃতিচারণ করতে গিয়েই তিনি জানান, বর্তমান সময়ে দাঁড়িয়ে অতীতের সংগ্রাম ও সাফল্যের মুহূর্তগুলো তাঁকে এখনও আবেগপ্রবণ করে তোলে। সেই কারণেই অনুরাগীদের উদ্দেশে তিনি লেখেন, তিনি তাঁর অতীত ভুলে যাননি এবং দর্শকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞ।
রাজার এই পোস্ট প্রকাশ্যে আসতেই অনুরাগীদের প্রতিক্রিয়ায় ভরে ওঠে সোশ্যাল মিডিয়া। অনেকেই জানান, ‘ভালোবাসা ডট কম’ তাঁদের অত্যন্ত প্রিয় ধারাবাহিক ছিল। কেউ কেউ আবার ছোটবেলার স্মৃতির কথাও তুলে ধরেন। দর্শকদের একাংশের মতে, সেই ধারাবাহিক এখনও তাঁদের কাছে নস্টালজিয়ার অংশ।
উল্লেখ্য, ‘চিরসখা’ ধারাবাহিকটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই নতুন কাজ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। জানা যাচ্ছে, এবার যাত্রাপালায় অভিনয় করতে দেখা যাবে রাজা গোস্বামীকে। তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনী গোস্বামীও এই নতুন সফরের খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। দু’জনকে একসঙ্গে দেখা যাবে আসন্ন যাত্রাপালা ‘কুঁড়ে ঘরে রাজকন্যা’-তে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.