২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের একটি পুরনো টুইট নতুন করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে জোর বিতর্ক। সেই টুইটের জবাবে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের মন্তব্য ঘিরেও নানা রাজনৈতিক ব্যাখ্যা সামনে আসে। তবে এবার পুরো বিষয়টি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিনেত্রী।
ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, বিজেপির নির্বাচনী পরাজয়ের পর পরমব্রত লিখেছিলেন, “আজকে বিশ্ব রগড়ানি দিবস পালিত হোক।” সেই পোস্টের উত্তরে স্বস্তিকা মন্তব্য করেছিলেন, “হাহাহা হোক হোক।” এরপর থেকেই একাংশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী অভিনেত্রীকে বিজেপি-বিরোধী তকমা দিতে শুরু করেন।
এই বিতর্কের জবাবে স্বস্তিকা জানান, সেই সময়কার পোস্টের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা ছিল। তাঁর দাবি, বিষয়টি ছিল তৎকালীন বিজেপি নেতা দিলীপ ঘোষের একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে। অভিনেত্রীর কথায়, নির্বাচনের আগে দিলীপ ঘোষ শিল্পীদের উদ্দেশে কড়া ভাষায় মন্তব্য করেছিলেন এবং “রগড়ে দেওয়ার” মতো মন্তব্য নিয়ে বহু শিল্পী ক্ষোভ প্রকাশ করেছিলেন। শুধু বিরোধী মতের শিল্পীরাই নন, বিজেপির অন্দর থেকেও সেই মন্তব্য নিয়ে আপত্তি উঠেছিল বলে দাবি করেন তিনি।
স্বস্তিকা ব্যাখ্যা করেন, বিজেপির হারের পর পরমব্রতর টুইটটি আসলে সেই বিতর্কিত মন্তব্যেরই প্রতিক্রিয়া ছিল। তিনিও সেই প্রসঙ্গেই হাসির প্রতিক্রিয়া দিয়েছিলেন। অভিনেত্রীর অভিযোগ, বর্তমানে সেই প্রেক্ষাপট বাদ দিয়েই শুধুমাত্র স্ক্রিনশট ছড়িয়ে বিভ্রান্তিকর প্রচার করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া দীর্ঘ পোস্টে স্বস্তিকা আরও লেখেন, তিনি কখনও সক্রিয়ভাবে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। কোনও সরকার বা প্রশাসনের কাছ থেকেও ব্যক্তিগত সুবিধা নেননি বলেই দাবি তাঁর। তবে সমাজ বা সাধারণ মানুষের স্বার্থে যেখানে প্রতিবাদ প্রয়োজন মনে হয়েছে, সেখানে তিনি সরব হয়েছেন।
তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষ সরকার বদলেছে, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন রাজনৈতিক বিদ্বেষ ছড়িয়ে না দিয়ে উন্নয়ন ও কাজের দিকে নজর দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন অভিনেত্রী।
পোস্টে শিল্পীদের রাজনৈতিক রং দিয়ে বিচার না করার আবেদনও জানান স্বস্তিকা। তাঁর মতে, শিল্পীরা তাঁদের পেশাগত দায়িত্ব পালন করেন, তাই তাঁদের অযথা রাজনৈতিক আক্রমণের মুখে ফেলা উচিত নয়।
একইসঙ্গে ভোট-পরবর্তী হিংসা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী। অতীতের মতো এখনও রাজ্যে যে ধরনের অশান্তির খবর সামনে আসছে, তা সমাজের পক্ষে ক্ষতিকর বলেই মত তাঁর। সব ধরনের হিংসার বিরোধিতা করে শান্তি ও সহাবস্থানের বার্তাও দিয়েছেন স্বস্তিকা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.