রণজয় বিষ্ণুর সঙ্গে সম্পর্কের গুঞ্জনকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরেই আলোচনায় অভিনেত্রী অভীকা মালাকার। ছোটপর্দার জনপ্রিয় ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’-য় রণজয় ও অভীকাকে জুটি হিসেবে দেখা যাচ্ছে। তাঁদের পর্দার রসায়ন এবং একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি-ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছিল তাঁদের সম্পর্ক নিয়ে নানা জল্পনা।
এরই মধ্যে রণজয়ের ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা হয়েছে। শ্যামৌপ্তি মুদলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিভিন্ন সময়ে নানা খবর সামনে এসেছে। এমন পরিস্থিতিতেই রণজয় ও অভীকার একটি ঘনিষ্ঠ নাচের ভিডিয়ো ভাইরাল হওয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
তবে এবার যেন সেই সমস্ত জল্পনায় নতুন মোড় এনে দিলেন অভীকা নিজেই। সোশ্যাল মিডিয়ায় বাগদানের আংটির ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সাদা-কালো ছবিতে তাঁর অনামিকায় দেখা যাচ্ছে একটি আংটি। ছবির সঙ্গে অভীকা লিখেছেন, “আমি কী হ্যাঁ বললাম? খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।”
অভীকার এই পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা। সত্যিই কি বাগদান সেরে ফেলেছেন অভিনেত্রী? নাকি এটি নতুন কোনও কাজের প্রচার? আপাতত সেই উত্তর স্পষ্ট করেননি অভীকা। তবে পোস্টটির কমেন্টে রণজয়ের মন্তব্য নজর কেড়েছে। অভীকাকে শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, “শুভেচ্ছা। খুব ভাল থাক। নতুন সফরের জন্য শুভেচ্ছা।” রণজয়ের এই মন্তব্যের পর স্বাভাবিকভাবেই অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে।
অভীকার অনামিকায় আংটি দেখে অনেকেই তাঁকে নতুন জীবনের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। আবার কেউ কেউ মনে করছেন, এটি হয়তো কোনও নতুন ধারাবাহিক, ছবি বা অন্য কোনও কাজের প্রচারের অংশ। তবে অভিনেত্রীর জীবনসঙ্গী কে, কিংবা সত্যিই তাঁর বাগদান হয়েছে কি না—এই মুহূর্তে তা নিয়ে কোনও নিশ্চিত তথ্য প্রকাশ্যে আসেনি।
তাই আপাতত অভীকার সেই রহস্যময় পোস্ট ঘিরেই অপেক্ষা অনুরাগীদের। অভিনেত্রী নিজেই কবে এবং কী ঘোষণা করেন, সেদিকেই নজর সকলের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.