বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না সলমন খানের! দক্ষিণী ছবির শুটিংয়ে বডি-ডাবল অসুস্থ হয়ে পড়ার খবরের মাঝেই এবার তাঁর জিমে ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার রাতে দিল্লির গ্রেটার কৈলাশ-১ এলাকায় সলমনের জিম ফ্র্যাঞ্চাইজির একটি শাখায় এই আগুন লাগে। তবে ঘটনায় কোনও হতাহত বা প্রাণহানির খবর নেই বলেই জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, রাত সোয়া ১০টা নাগাদ জিমটির প্রথম তলায় আচমকা আগুন দেখতে পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। দমকল পৌঁছনোর আগেই পুলিশ জিমে উপস্থিত সকলকে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে।
পিটিআই সূত্রে খবর, অগ্নিকাণ্ডে কেউ আহত হননি। কোনও প্রাণহানির ঘটনাও ঘটেনি। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। যদিও প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, দিল্লির গ্রেটার কৈলাশ-১ এলাকায় অবস্থিত এই ব্যায়ামাগারটি সলমন খানের নিজস্ব জিম ব্র্যান্ডের একটি ফ্র্যাঞ্চাইজি। অভিনেতা নিজেও দীর্ঘদিন ধরে শরীরচর্চার জন্য বিশেষভাবে পরিচিত। বয়স ষাটের কোঠা পেরোলেও সিনেমার চরিত্র অনুযায়ী নিজেকে তৈরি করতে নিয়মিত শরীরচর্চা করেন তিনি। পর্দায় তাঁর সুঠাম শরীর ও শার্টলেস অবতার নিয়ে একসময় তুমুল জনপ্রিয়তা তৈরি হয়েছিল।
এদিকে সম্প্রতি দক্ষিণী ছবির শুটিং চলাকালীন সলমনের বডি-ডাবল হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। তার মাঝেই নিজের জিমে অগ্নিকাণ্ডের ঘটনায় ফের শিরোনামে ভাইজান। তবে দিল্লির এই ঘটনায় সলমন খান বা তাঁর পরিবারের কোনও সদস্যের ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.