রগরগে যৌনদৃশ্য,‘টক্সিক’-এর অগ্রিম বুকিংয়ে ঝড়, ঘণ্টায় বিক্রি ৮৫ হাজার টিকিট! ওপেনিং নিয়েও বড় পূর্বাভাস

দীর্ঘদিন ধরেই আলোচনার কেন্দ্রে দক্ষিণী সুপারস্টার যশের বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’। ছবির টিজার ও প্রচারঝলকে অ্যাকশন, অন্ধকার জগতের গল্পের পাশাপাশি সাহসী দৃশ্য নিয়ে তৈরি হয়েছে বিস্তর চর্চা। সেই বিতর্কের মধ্যেই এবার অগ্রিম বুকিংয়ে রীতিমতো ঝড় তুলেছে ছবিটি। দাবি করা হচ্ছে, বুকিং শুরুর পর থেকেই দ্রুত গতিতে বিক্রি হচ্ছে ‘টক্সিক’-এর টিকিট।

শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ছবির হিন্দি সংস্করণের অগ্রিম বুকিং। বলিউডের বিভিন্ন মাধ্যমের দাবি অনুযায়ী, বুকিং শুরুর কিছুক্ষণের মধ্যেই দেশের তিন বড় মাল্টিপ্লেক্স চেন—পিভিআর, আইনক্স ও সিনেপলিসে প্রায় ৩০ হাজার টিকিট বিক্রি হয়ে যায়। এরপরও টিকিট বিক্রির গতি অব্যাহত রয়েছে।

প্রকাশিত বক্স অফিস পরিসংখ্যান অনুযায়ী, দেশজুড়ে ঘণ্টায় প্রায় ৮৫ হাজার টিকিট বিক্রির দাবি করা হয়েছে। অগ্রিম বুকিং থেকেই ছবিটির আয় ইতিমধ্যেই প্রায় সাড়ে ৪ কোটি টাকা ছুঁয়েছে বলেও খবর। ফলে মুক্তির আগেই ‘টক্সিক’ ঘিরে দর্শকদের আগ্রহের ছবিটা স্পষ্ট।

এই বুকিংয়ের গতি দেখে বাণিজ্য বিশ্লেষকদের একাংশের অনুমান, মুক্তির প্রথম দিনেই বড় অঙ্কের ব্যবসা করতে পারে যশের এই ছবি। তাঁদের পূর্বাভাস, শুধুমাত্র হিন্দি বলয় থেকেই প্রথম দিনে ‘টক্সিক’ ৫৫ থেকে ৬০ কোটি টাকা পর্যন্ত ব্যবসা করতে পারে। এমনকী, প্রথম কয়েক ঘণ্টার বুকিংয়ের গতি ‘অ্যানিম্যাল’, ‘ধুরন্ধর’, ‘টাইগার ৩’ এবং ‘স্পাইডার-ম্যান’-এর মতো বড় ওপেনিং করা ছবির সঙ্গেও তুলনা করা হচ্ছে।

ছবির গল্পের পটভূমি ১৯৯০-এর দশকের গোয়া। মাদকচক্র, অপরাধ ও ক্ষমতার দাপটে গড়ে ওঠা এক অন্ধকার সাম্রাজ্যের কাহিনি ঘিরেই এগিয়েছে গল্প। সেই দুনিয়ার অন্যতম প্রভাবশালী চরিত্র রায়ার ভূমিকায় দেখা যাবে যশকে। অ্যাকশননির্ভর এই ছবিতে অপরাধজগতের পাশাপাশি প্রাপ্তবয়স্ক দর্শকদের উপযোগী একাধিক সাহসী দৃশ্যও রয়েছে, যা মুক্তির আগেই ছবিটিকে আলোচনায় এনেছে।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় তৈরি। পাশাপাশি হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষাতেও মুক্তির পরিকল্পনা রয়েছে। ছবিতে যশের সঙ্গে রয়েছেন কিয়ারা আডবানি, হুমা কুরেশি, তারা সুতারিয়া, নয়নতারা ও রুক্মিণী বসন্ত। ফলে দক্ষিণের পাশাপাশি হিন্দি বলয়েও ছবিটি উল্লেখযোগ্য ব্যবসা করতে পারে বলে মনে করছেন বাণিজ্য মহলের একাংশ।

এখন অগ্রিম বুকিংয়ের এই গতি মুক্তির পর বক্স অফিসে কতটা প্রতিফলিত হয়, সেটাই দেখার। তবে মুক্তির আগেই ‘টক্সিক’ যে দর্শকদের মধ্যে তুমুল কৌতূহল তৈরি করেছে, তা অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যানেই স্পষ্ট।

শুধু হজম শক্তি বাড়িয়ে দেয় না, জোয়ান খেলে শরীরের অনেক সমস্যা নিবারণ হয় মুখরোচক বাদাম চিক্কি খেতে দারুন, বাড়িতেই তৈরী হবে, জানুন রেসিপি এইভাবে তেজপাতা পোড়ালে দুশ্চিন্তা কেটে যাবে 5 Best Night Creams ৪ মাসের শিশু ২৪০ কোটির মালিক