বলিউডে ফের নতুন সম্পর্কের জল্পনা। দীর্ঘদিনের প্রেমিকা শর্বরী ওয়াঘের সঙ্গে সানি কৌশলের বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই এবার তাঁর নাম জড়াল ইজাবেল কাইফের সঙ্গে। ইজাবেল সম্পর্কে অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ছোট বোন। ফলে ভিকি কৌশলের ভাই সানি ও ইজাবেলের ঘনিষ্ঠতা নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে নতুন চর্চা।
সানি ও ইজাবেলের সাম্প্রতিক তুরস্ক সফর থেকেই এই জল্পনার সূত্রপাত। দু’জনের সোশ্যাল মিডিয়া পোস্ট খুঁটিয়ে দেখে নেটিজেনরা দাবি করছেন, তাঁদের পোস্ট করা বেশ কিছু ছবির লোকেশন, ফ্রেম এবং ব্যাকগ্রাউন্ডে মিল রয়েছে। সেই থেকেই অনুরাগীদের একাংশের ধারণা, আলাদা আলাদা ভাবে নয়, বরং একসঙ্গেই তুরস্কে ছুটি কাটাতে গিয়েছিলেন সানি ও ইজাবেল।
সম্প্রতি তুরস্ক ভ্রমণের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন সানি কৌশল। ছবিগুলিতে ছুটির আমেজ ধরা পড়ে। অন্যদিকে, তার কিছুদিন আগেই ইজাবেলও তুরস্কের বিভিন্ন মনোরম জায়গা থেকে ছবি শেয়ার করেছিলেন। দুই তারকার পোস্টের মিলই আরও উসকে দিয়েছে সম্পর্কের জল্পনা।
এর মধ্যেই ১৮ সেপ্টেম্বর সানির একটি পোস্টে ইজাবেলের মন্তব্য নজর কাড়ে। সানির ছুটির ছবিতে মন্তব্য করে তিনি লেখেন, “ইউ আর ওয়েলকাম ফর দ্য বেস্ট বুক রেকমেন্ডেশন এভার!” অর্থাৎ, সানিকে একটি দারুণ বইয়ের সন্ধান দেওয়ার কৃতিত্ব নিজের বলেই মজার ছলে দাবি করেন ইজাবেল। তাঁদের এই সোশ্যাল মিডিয়া কথোপকথনও নেটিজেনদের নজর এড়ায়নি।
তবে সানি ও ইজাবেলের পরিচয় একেবারে নতুন নয়। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান ও উদ্যাপনে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। সেই পরিচিতি থেকেই তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে বলে জানা যায়। তবে নতুন করে প্রেমের যে জল্পনা তৈরি হয়েছে, তা নিয়ে এখনও পর্যন্ত সানি বা ইজাবেল কেউই প্রকাশ্যে কিছু জানাননি।
অন্যদিকে, সানি কৌশল ও শর্বরী ওয়াঘের সম্পর্ক নিয়েও বেশ কিছুদিন ধরেই বলিপাড়ায় বিচ্ছেদের গুঞ্জন রয়েছে। ২০২০ সালে ‘দ্য ফরগটেন আর্মি—আজাদি কে লিয়ে’ সিরিজের শুটিংয়ের সময় তাঁদের পরিচয় এবং ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানা যায়। এরপর দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তাঁরা। একসময় বলিউডের পার্টি থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যেত সানি ও শর্বরীকে। তবে সাম্প্রতিক সময়ে তাঁদের একসঙ্গে প্রকাশ্যে দেখা যাওয়ার ঘটনা কমেছে। যদিও সম্পর্ক বা বিচ্ছেদ—কোনও বিষয়েই দু’জন আনুষ্ঠানিকভাবে মুখ খোলেননি।
কাজের ক্ষেত্রে সানি কৌশলকে শেষবার দেখা গিয়েছিল নেটফ্লিক্সের থ্রিলার ছবি ‘ফির আয়ি হাসিন দিলরুবা’-তে। ছবিতে ‘অভিমন্যু পন্ডিত’ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তাঁর সঙ্গে ছবিতে ছিলেন তাপসী পান্নু এবং বিক্রান্ত মাসে।
এই পরিস্থিতিতে তুরস্ক সফরের ছবি এবং সোশ্যাল মিডিয়ায় ইজাবেলের মন্তব্য ঘিরে সানি-ইজাবেলের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সত্যিই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে কি না, তার উত্তর আপাতত অজানাই।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.