জুবিন গার্গের মৃত্যু মামলায় ফের গুরুত্বপূর্ণ আইনি মোড়। গায়কের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত উত্তর-পূর্ব আন্তর্জাতিক উৎসব (এনইআইএফ)-এর অন্যতম সংগঠক শ্যামকানু মহান্তের জামিন আবেদন গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। দেশের শীর্ষ আদালত এই মামলায় অসম সরকারের কাছে জবাব চেয়ে নোটিস জারি করেছে।
বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ শ্যামকানু মহান্তের বিশেষ অনুমতি আবেদন (এসএলপি) শুনানির জন্য গ্রহণ করে। আদালতের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ১০ আগস্ট মামলাটি পুনরায় শুনানির জন্য তালিকাভুক্ত হতে পারে।
এর আগে শ্যামকানুর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল গৌহাটি হাই কোর্ট। হাই কোর্টের পর্যবেক্ষণে বলা হয়, তদন্তে উঠে আসা বিভিন্ন তথ্য ও উপাদান থেকে একটি সম্ভাব্য ষড়যন্ত্রের প্রাথমিক ইঙ্গিত পাওয়া গিয়েছে। আদালতের মতে, ওই ঘটনায় শ্যামকানু মহান্তের সম্পৃক্ততার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তদন্তে আরও দাবি করা হয়েছে যে, সিঙ্গাপুরে অনুষ্ঠিত ইয়ট পার্টির আয়োজন মহান্তের পরামর্শে করা হয়েছিল এবং পুরো ঘটনায় তাঁর সক্রিয় ভূমিকা ছিল। সরকারি পক্ষের আইনজীবীরা আদালতে জানান, জুবিন গার্গকে দীর্ঘ সময় ধরে মদ্যপানে উৎসাহিত করা হয়েছিল। তাঁর শারীরিক অবস্থার বিষয়ে সংশ্লিষ্টদের জানা থাকা সত্ত্বেও তাঁকে ইয়ট ভ্রমণে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি, তাঁর জন্য প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি বলেও দাবি করা হয়েছে।
জামিন প্রত্যাখ্যানের সময় হাই কোর্ট আরও উল্লেখ করে যে, অভিযুক্তের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। আদালতে উঠে আসে যে, ঘটনার পরে শ্যামকানু মহান্ত মালয়েশিয়ায় গিয়েছিলেন। পরবর্তীতে তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি হলে দিল্লি বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

বর্তমানে শ্যামকানু মহান্ত কয়েক মাস ধরে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরের ল্যাজারাস দ্বীপের কাছে সাঁতার কাটতে গিয়ে জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু হয়। ঘটনার পরের দিনই ‘এনইআইএফ’-এর একটি অনুষ্ঠানে তাঁর পারফর্ম করার কথা ছিল।

গায়কের মৃত্যুর পর অসম পুলিশের সিআইডি একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করে। তদন্ত শেষ করে গত ডিসেম্বরে দাখিল করা চার্জশিটে শ্যামকানু মহান্ত-সহ মোট সাত জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। তাঁদের মধ্যে চার জনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানির দিকে এখন নজর রয়েছে সংশ্লিষ্ট সব পক্ষের।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.