মুম্বইয়ের বান্দ্রায় শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’-এ হঠাৎই দেখা মিলল জোড়া সাপের। সোমবার সন্ধ্যায় বাড়ির চত্বরে সাপ দু’টিকে দেখতে পাওয়ার পর খবর দেওয়া হয় বন দফতরের আধিকারিকদের। পরে উদ্ধারকারী দল এসে একটি সাপকে নিরাপদে উদ্ধার করে। তবে দ্বিতীয় সাপটি লোকজনের গতিবিধিতে ভয় পেয়ে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
রাত ৮টা নাগাদ মন্নতের চত্বরে সাপ দু’টি দেখতে পাওয়ার পরই শুরু হয় তাদের উদ্ধারের তৎপরতা। বন দফতরের আধিকারিক ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, বাড়ির উঠোনের সিঁড়ির নীচে একটি সাপ লুকিয়ে রয়েছে। সেটিকে পরীক্ষা করে জানা যায়, এটি একটি ইন্ডিয়ান র্যাট স্নেক। বাংলায় যা ঢ্যামনা বা দেশি দাঁড়াশ সাপ নামে পরিচিত।
উদ্ধারকারীরা জানিয়েছেন, ইন্ডিয়ান র্যাট স্নেক বিষধর নয়। তবে উদ্ধার করতে গেলে আতঙ্কিত হয়ে সাপটি কুণ্ডলী পাকিয়ে নেয়। শেষপর্যন্ত সেটিকে নিরাপদে উদ্ধার করা হয়। বন দফতরের নিয়ম মেনে পরে সাপটিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, দ্বিতীয় সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। মন্নতের চত্বরে লোকজনের আনাগোনায় ভয় পেয়ে সেটি পালিয়ে যায়। উদ্ধারকারী দল বেশ কিছুক্ষণ চেষ্টা করেও তার কোনও সন্ধান পায়নি।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের গোড়ায় সাপের দেখা মিলেছিল সলমন খানের বান্দ্রার ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এও। খবর পেয়ে সাপ উদ্ধারকারীকে ডাকা হয় এবং পরে সাপটিকে ধরে বন দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছিল।
এদিকে, কাজের ব্যস্ততার মধ্যেই শাহরুখ খান এখন তাঁর আসন্ন ছবি ‘কিং’ নিয়ে ব্যস্ত। ছবিতে তাঁর মেয়ে সুহানা খানও অভিনয় করছেন। বড়পর্দায় সুহানার এটিই প্রথম ছবি। চলতি বছরেই ছবিটি মুক্তি পাওয়ার কথা।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.