পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক রাজনৈতিক রিল ছড়িয়ে পড়ছে। নতুন সরকার গঠনের আবহে কেউ নতুন প্রশাসনকে সমর্থন জানাচ্ছেন, আবার কেউ পুরনো সরকারের বিদায় নিয়ে আবেগঘন পোস্ট করছেন। এই পরিস্থিতিতেই নতুন করে আলোচনায় উঠে এসেছে গায়ক নচিকেতা চক্রবর্তীর একটি পুরনো গান।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন রাজনৈতিক রিলে নচিকেতার গানের কয়েকটি লাইন ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে “রাজার হল খুব অসুখ…” লাইনটি নিয়ে তৈরি হয়েছে অসংখ্য ভিডিও। শহরের বিভিন্ন রাস্তা, ঝড়-বৃষ্টি কিংবা কলকাতার পরিচিত দৃশ্যের সঙ্গে গানটি জুড়ে তৈরি হওয়া রিল দ্রুত ভাইরাল হয়েছে নেটমাধ্যমে।
এই বিষয়টি নিয়েই মজার ছলে মন্তব্য করেছেন ‘সারেগামাপা’-খ্যাত গায়ক সৌম্য চক্রবর্তী। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিওতে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, সারাদিনের অধিকাংশ রিলেই নচিকেতাকে যেন কলকাতার রাস্তায় ঘুরে ঘুরে কাঁদতে দেখা যাচ্ছে। তাঁর কথায়, ঝড়, বিদ্যুৎ চমকানো, নবান্ন কিংবা মা ফ্লাইওভারের দৃশ্যের সঙ্গে বারবার একই গান ব্যবহার করায় বিষয়টি এখন একপ্রকার ট্রেন্ডে পরিণত হয়েছে।
সৌম্যর এই মন্তব্য ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা। অনেকে তাঁর রসিকতাকে সমর্থন করেছেন, আবার কেউ কেউ নচিকেতাকে নিয়েও কটাক্ষ করেছেন। কমেন্ট বক্সে কেউ লিখেছেন, “হারেনি, দ্বিতীয় হয়েছে”, আবার কেউ বলেছেন, “একই গান শুনে শুনে বিরক্ত হয়ে গেছি।” কিছু মন্তব্যে আবার নচিকেতার রাজনৈতিক অবস্থান নিয়েও খোঁচা দেওয়া হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, নচিকেতা চক্রবর্তী দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের প্রতি সমর্থন জানিয়ে এসেছেন। বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক মঞ্চে তাঁকে শাসকদলের পাশে দেখা গিয়েছে। অতীতে বিজেপির বিরুদ্ধেও সরব হয়েছেন তিনি। এমনকি বাম আমল থেকে তৃণমূলের উত্থানের সময়েও নিজেকে আন্দোলনের সহযাত্রী হিসেবে তুলে ধরেছিলেন গায়ক।
তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর থেকে নচিকেতার নীরবতা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। নতুন সরকার গঠনের পরে বহু পরিচিত শিল্পী ও তারকা শুভেচ্ছাবার্তা জানালেও, এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। সেই কারণেও তাঁর গান ঘিরে তৈরি হওয়া রিল এবং সৌম্য চক্রবর্তীর মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।

Hello friends, Myself Biplab. I have been writing horoscopes since 2019. Since 2022, I have also been writing about entertainment, lifestyle, and trending news.